Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির মাটির তলার জলে মাত্রাছাড়া উপস্থিতি মিলল ইউরেনিয়াম, সীসা, নাইট্রেট, ফ্লুওরাইড (Delhi)।
এবার দিল্লির জলেও বিপদ (Delhi)
ভয়ঙ্কর রকমের দূষণ রয়েছে দিল্লির বায়ুতে। তার মধ্যেই বেঁচে থাকতে হচ্ছে দিল্লির বাসিন্দাদের। যা নিয়ে চিন্তিত পরিবেশবিদ থেকে শুরু করে চিকিৎসকেরা। তবে এবার সামনে এসেছে আরও ভয়র তথ্য। শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২৫ সালের অ্যানুয়াল গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি রিপোর্ট। দিল্লির মাটির জলে মিলেছে ইউরেনিয়াম-সহ একাধিক হেভি মেটাল। যা নাগরিকদের দীর্ঘমেয়াদি ভয়াবহ অসুস্থতার কারণ হতে পারে (Delhi)।
যে সকল বাসিন্দারা পানীয় জলের জন্য প্রধানত বোরওয়েল বা গভীর নলকূপ এবং হ্যান্ড পাম্পের উপর নির্ভরশীল, তাঁদের জন্য বিপদ আরও বেশি। দিল্লির যতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছিল তার মধ্যে ১৩-১৫ শতাংশ নমুনায় ইউরেনিয়াম ও ভারী ধাতুর উপস্থিতি মিলেছে বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। জল মন্ত্রকের অধীনে থাকা গ্রাউন্ড ওয়াটার বোর্ডের এই রিপোর্টটি তৈরি হয়েছে সারা দেশ থেকে নেওয়া ১৫০০০ নমুনার উপর ভিত্তি করে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ঠিক করে আমাদের দেশে পানীয় জলে কোন পদার্থের সহনশীল মাত্রা কতটা। তার ভিত্তিতেই ৮৬টি এলাকার জলেই মিলেছে ব্যাপক দূষণ। ইউরেনিয়াম ছাড়াও জলে মিলেছে লেড বা সীসা, আয়রন, নাইট্রেট, ফ্লুওরাইড ও ক্লোরিন-সহ আরও নানা দূষক (Delhi)।

আরও পড়ুন: Weather: জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণে তাপমাত্রার তারতম্য, মঙ্গলবার থেকে নামবে পারদ
দেশের উত্তর-পশ্চিম রাজ্যগুলিতে মাটির তলার জলে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। যার মধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কিছু কিছু এলাকা, উত্তরপ্রদেশের কিছু এলাকা। এর পিছনে ভূতাত্ত্বিক কারণ, গ্রাউন্ড ওয়াটার বা মাটির তলার জল ক্রমশ কমে আসা এবং অ্যাকুইফারের মতো কারণ রয়েছে। রিপোর্টে জানানো হচ্ছে গোটা ভারতে মাটির তলার জলে ইউরেনিয়ামের মাত্রার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। শীর্ষ দুই স্থানে রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা।
ইউরেনিয়াম ছাড়াও রাজধানীর জলে মিলেছে নাইট্রেট ও ফ্লুওরাইড। যার মাত্রা আশঙ্কার সৃষ্টি করেছে। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের রিপোর্ট জানাচ্ছে, বর্ষার আগে ও পরে দুই সময়েই নমুনা সংগ্রহ করা হয়েছিল যাতে মরশুমে বদল হলে দূষকের মাত্রায় পরিবর্তন হয় কিনা বোঝার জন্য। যদিও সবক্ষেত্রেই দূষকের হদিশ মিলেছে। পাওয়া গিয়েছে লেড বা সীসার উপস্থিতিও। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালে (Delhi)।


