Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বড় ধাক্কা ভারতীয়দের। মেধাবী বিদেশি কর্মীদের উপর আরও কঠোর নজরদারি চালু করল ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন। যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা(H-1B Visa) পেতে হলে এবার থেকে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য ‘পাবলিক’ করতে হবে—এমনই নির্দেশিকা জারি করেছে মার্কিন বিদেশ দফতর। নতুন নিয়ম কার্যকর হতেই বিপাকে পড়লেন বিপুল সংখ্যক ভারতীয় এইচ-১বি ভিসা আবেদনকারী কর্মী ও শিক্ষার্থীরা।
বড় ধাক্কা ভারতীয়দের(H-1B Visa)
মঙ্গলবার রাতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ডিসেম্বর মাসে যাঁদের এইচ-১বি ভিসা(H-1B Visa) ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত ছিল, তাঁদের ইন্টারভিউ আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে, যদি কেউ ইমেইলের মাধ্যমে নতুন ইন্টারভিউ তারিখ পেয়ে থাকেন, তবে ‘মিশন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সতর্কীকরণও জানানো হয়েছে—পুনঃনির্ধারিত তারিখের ইমেল পাওয়ার পরও কেউ যদি আগের তারিখে কনস্যুলেটে হাজির হন, তবে তাঁকে প্রবেশ করতে দেওয়া হবে না।
পিছিয়ে গেল ভিসা ইন্টারভিউর তারিখ(H-1B Visa)
এইচ-১বি হল একটি অ-অভিবাসী ভিসা, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা নির্দিষ্ট সংস্থার হয়ে সাময়িকভাবে আমেরিকায় কাজ করার সুযোগ পান। প্রতি বছর ভারত থেকেই হাজার হাজার পেশাজীবী এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান। পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এইচ-১বি ভিসায়(H-1B Visa) আরও কড়াকড়ির ইঙ্গিত দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই ২ ডিসেম্বর মার্কিন বিদেশ দফতর বিশ্বব্যাপী সকল দূতাবাসে নতুন নির্দেশ পাঠায়।
আরও পড়ুন: Pakistan Army: সাংবাদিককে চোখ মারলেন পাক জেনারেল
H-1B ভিসায় সোশাল মিডিয়া গেরো!
নতুন নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট—ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্ম—‘পাবলিক’ রাখতে হবে যাতে যাচাইকারী সংস্থা তাঁদের অনলাইন কর্মকাণ্ড সহজে পর্যবেক্ষণ করতে পারে। ভিসা পাওয়ার যোগ্যতা নির্ধারণে এখন থেকে আবেদনকারীর আচরণ, রাজনৈতিক মন্তব্য, সাম্প্রতিক কার্যকলাপ—সবই বিশ্লেষণ করা হবে। মার্কিন প্রশাসন জানিয়েছে—যুক্তরাষ্ট্র বা সে দেশের নাগরিকদের প্রতি ‘ক্ষতির সম্ভাবনা’ থাকলে ভিসার আবেদন সরাসরি বাতিল করা হবে। একই নীতি ছাত্রছাত্রীদের এফ-১ এবং জে-১ ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য।
আরও পড়ুন: Bangladesh Election: এই সপ্তাহেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ
এর আগেই ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল, আমেরিকার সংস্থাগুলিকে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য এককালীন ১ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা) অতিরিক্ত ফি প্রদান করতে হবে। গত ২১ সেপ্টেম্বর ঘোষিত সেই নিয়ম ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।


