Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কেটিভি বাংলা ডিজিটাল: গোলের পর গোল! প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিল না ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল (India Football Team)। শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে গুয়ামকে ১২-০ গোলে উড়িয়ে দিল ব্লু কোল্টস। গ্রুপ পর্বে এটি ভারতের টানা দ্বিতীয় জয়। দলের হয়ে হ্যাটট্রিক করলেন রাজ সিং ওয়াহেংবাম ও দাল্লালমুয়ান গাংতে। রাজ একাই চারটি গোল করেন। এই জয়ের সুবাদে গ্রুপ ই-র শীর্ষস্থানও দখল করল ভারত।
প্রথমার্ধেই পাঁচ গোল, শুরু থেকেই দাপট ভারতের (India Football Team)
ম্যাচের পঞ্চম মিনিটেই মলসাওমতলুয়াঙ্গার ক্রস থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন লিও থংবাম। এরপর একের পর এক আক্রমণে গুয়ামের রক্ষণকে ব্যস্ত করে তোলে ভারতের ফুটবলাররা। ১৩, ২৭ ও ৩২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন অধিনায়ক দাল্লালমুয়ান গাংতে। ২০ মিনিটে কাছ থেকে বল জালে জড়ান হৃষিকেশ চরন মানাভাথি। ফলে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে আরও সাত গোল (India Football Team)
বিরতির পরেও আক্রমণের ঝড় থামেনি ভারতের। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ডেভিড মাঙ্গাং ইরোম। এর দু’মিনিট পরেই নিজের প্রথম গোল করেন রাজ সিং ওয়াহেংবাম। এরপর ৭৩, ৮৩ ও ৮৪ মিনিটে আরও তিনবার গুয়ামের জালে বল জড়ান তিনি। সব মিলিয়ে চারটি গোল করে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন রাজ।
এ ছাড়াও গোল করেন ফেলিক্স মেইতেই সাইখোম ও রিস্তিক মাইতি। বৃষ্টির মধ্যেও ভারতের আক্রমণের ধার কমেনি। বিপরীতে গোটা ম্যাচে প্রায় নিষ্ক্রিয় থাকতে হয়েছে ভারতীয় গোলরক্ষক মারুফ শাফিকে। গুয়ামের গোলরক্ষক লিয়াম রালফ অবশ্য একাধিকবার দুরন্ত সেভ করে ব্যবধান আরও বাড়তে দেননি।

৩৮ বছরের রেকর্ডের কাছাকাছি ভারত (India Football Team)
এএফসি-র বাছাইপর্বে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের এটি তৃতীয় বৃহত্তম জয়। এর আগে ১৯৮৪ সালে ম্যাকাও এবং ২০২৪ সালে ব্রুনেইয়ের বিরুদ্ধে ১৩-০ গোলে জিতেছিল ভারত। ফলে গুয়ামের বিরুদ্ধে ১২-০ জয় সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে দিল ব্লু কোল্টসকে।
গ্রুপের শীর্ষে ভারত (India Football Team)
দু’টি ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে রয়েছে ভারত। গোলপার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে প্যালেস্টাইন (India Football Team)। তাদের বিরুদ্ধে আগামী মঙ্গলবার মাঠে নামবে ভারতের অনূর্ধ্ব-১৭ দল। সিঙ্গাপুরের সংগ্রহ তিন পয়েন্ট। অন্য দিকে, মালয়েশিয়া ও গুয়াম এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
আরও পড়ুন: Indian Football: কনসার্টের জন্য বলি ফুটবল! ISL থেকে IWL, অব্যবস্থাপনায় ফের বিদ্ধ ভারতীয় ফুটবল
এই গ্রুপ থেকে একমাত্র শীর্ষস্থানাধিকারী দলই সরাসরি এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ফলে প্যালেস্টাইনের বিরুদ্ধে পরের ম্যাচটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



