Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণেশ্বর মন্দির কি পাবলিক প্রপার্টি না ব্যক্তিগত (Dakshineswar Kali Temple) সম্পত্তি? এই নিয়ে সম্প্রতি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তাই নিয়ে নতুন করে হাইকোর্টে শুরু হল মামলা। এর আগে ট্রাস্টি বোর্ডের নির্বাচন, আর্থিক অনিয়ম-সহ নানা অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। ২০২২ সালে সেই মূল মামলার শুনানি শুরু হলেও গত দুই বছরে তার শুনানি আর হয়নি। এবার দক্ষিণেশ্বর মন্দির সংক্রান্ত সমস্ত মামলার শুনানি শুরু হল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য্যর ডিভিশন বেঞ্চে। আগামী ১৭ ডিসেম্বর থেকে মূল মামলার শুনানি শুরু হবে। তার আগে কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ১৭ ডিসেম্বর হাইকোর্টের আগের নির্দেশ মেনে কেন্দ্র ও রাজ্যকে রিপোর্ট দিয়ে জানাতে হবে, তারা দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্টকে কোনও আর্থিক অনুদান বা সহায়তা দিয়েছে কি না।
কোনও সভা না ডেকেই ভুয়ো নির্বাচন ! (Dakshineswar Kali Temple)
অভিযোগ, ট্রাস্টি বোর্ডের কোনও সভা না (Dakshineswar Kali Temple) ডেকেই ভুয়ো নির্বাচন করে গত ৫০ বছর ধরে দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্টির সম্পাদক পদে রয়েছেন কুশল চৌধুরী। ফলে মন্দিরে টাকার হিসেব সম্পর্কে কেউ কিছু জানতে পারছে না। এই অভিযোগ তুলে মন্দিরের দীর্ঘদিনের সেবাইতদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেন। মন্দিরের সেবাইতদের দাবি, ১৮৭২ সালে রানী রাসমণি তাঁর ৮ নাতির নামে আটটি অর্পণনামা তৈরি করে গিয়েছিলেন। সেই অর্পণনামায় বলা ছিল আট নাতির অবর্তমানে তাদের সন্তানরাই সেবাইত হবেন। এবং তাঁরাই দক্ষিণেশ্বর মন্দিরের দায়িত্ব পাবেন।
আরও পড়ুন: Underwater Robot Drones: নদী সেতুর নিরাপত্তায় রেলের নতুন উদ্যোগ
কিন্তু রানী রাসমণির বড় নাতি বলরাম দাস হাইকোর্টে (Dakshineswar Kali Temple) মামলা করে জানতে চান, অর্পণনামা কী ভাবে পরিচালিত হবে। সেইসঙ্গে এর জন্য স্কিম করার আবেদনও জানান তিনি। ১৯২৯ সালে আদালত নির্দেশ দিয়েছিল, নির্বাচন করে সেবাইত নির্ধারণ করতে হবে। ১৯৭২ সালে আশুতোষ দাস নামে এক সেবাইত আর্থিক তছরুপের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় আদালত নির্দেশ দেয়, তিন বছর অন্তর দক্ষিণেশ্বর ট্রাস্টি বোর্ডের নির্বাচন করতে হবে। ২০২১ সালে নির্বাচন করতে চেয়ে আবারও আদালতে আসে ট্রাস্টি বোর্ড। তৎকালীন বিচারপতি শেখর ববি শরাফ অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্যকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করেন। কারা নির্বাচনে ভোট দেবেন তাঁদের তালিকা তৈরি করতে নির্দেশ দেন। সেই তালিকা এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ। আগামী ১৭ ডিসেম্বর থেকে আবার নতুন করে দক্ষিণেশ্বর মন্দির সংক্রান্ত সমস্ত মামলার শুনানি শুরু হতে চলেছে হাইকোর্টে।


