Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অরুণাচল প্রদেশের অঞ্জো জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালেন বহু পরিযায়ী শ্রমিক (Arunachal Pradesh)। বৃহস্পতিবার সকালে হায়োলিয়াং–চাগলাগাম পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় শ্রমিকবাহী ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। পুলিশ প্রথমে ২২ জনের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেও উদ্ধারের কাজ যত এগিয়েছে, ততই বেড়েছে হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়ার সম্ভাবনা।
অসমের তিনসুকিয়া থেকে জীবিকার খোঁজে (Arunachal Pradesh)
ট্রাকে থাকা সকল যাত্রীই ছিলেন নির্মাণকর্মী। অঞ্জো জেলার ভারত–চীন সীমান্তবর্তী এলাকায় রাস্তা নির্মাণের কাজে তাঁরা যুক্ত ছিলেন। অধিকাংশ শ্রমিকই অসমের তিনসুকিয়া জেলার বাসিন্দা। প্রতিদিনের মতোই কাজের জায়গায় যাওয়ার পথে এই মর্মান্তিক পরিণতি। ডেপুটি কমিশনার মিল্লো কোজিন জানিয়েছেন, দুর্ঘটনাটি সীমান্তের অত্যন্ত দুর্গম অঞ্চলে ঘটেছে। সেই কারণেই উদ্ধারকাজও চলছে চরম প্রতিকূলতার মধ্যে।
ভয়ঙ্কর খাদে গড়িয়ে ট্রাক (Arunachal Pradesh)
পুলিশের প্রাথমিক অনুমান, পাহাড়ি বাঁক নেওয়ার সময় চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাহাড়ি রাস্তাগুলি পিচ্ছিল ও সংকীর্ণ হওয়ায় উল্টে গভীর খাদে পড়ে যায় যানটিকে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। খাদে নামতে এবং ভাঙা ট্রাকের ভেতরে আটকে থাকা দেহ উদ্ধার করতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতা দেখাতে হচ্ছে। ইতিমধ্যেই ১৩টি দেহ উদ্ধার করা গেছে। বাকিদের সন্ধানে চলছে অভিযান। মৃতদের শনাক্তকরণে অসম প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্থানীয় পুলিশ।
৩০০ মিটার খাদে গাড়ি (Arunachal Pradesh)
গত রবিবার গভীর রাতে দার্জিলিংয়ের সিটং এলাকায় ঘটে একই ধরনের ভয়াল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি প্রায় ৩০০ মিটার খাদে পড়ে যায়। সিটং ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য-সহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার চিহ্ন দেখে পুলিশকে খবর দিলে শুরু হয় উদ্ধারকাজ।
৬০০ মিটার খাদে মৃত্যু ছ’জনের (Arunachal Pradesh)
এরও আগে মহারাষ্ট্রের নাসিকে একটি যাত্রীবাহী টয়োটা ইনোভা গভীর খাদে পড়ে যায়। ৬০০ মিটার নিচে গড়িয়ে পড়া সেই গাড়িতে ছ’জনের মৃত্যু হয়। তাঁরা সকলে নিফাদের পিপলগাঁও বসওয়ান্তের বাসিন্দা, মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। এত গভীর খাদে উদ্ধারকাজও ছিল অত্যন্ত কঠিন।
ফেরার পথে মৃত্যু তিন শিক্ষকের (Arunachal Pradesh)
নৈনিতালের খয়রনা–কাইঞ্চিধাম রুটে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ মিটার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শিক্ষক সঞ্জয় বিষ্ট, সুরেন্দ্র ভাণ্ডারী ও পুষ্কর ভাইসোরা। গুরুতর আহত হন মনোজ কুমার। পাহাড়ি রাস্তায় কম আলো, অতিরিক্ত গতি এবং অপ্রস্তুত বাঁকের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা পুলিশের।
আরও পড়ুন: Celebrate 30 Years of DDLJ: টেমসের তীরে রাজ–সিমরনের মূর্তি ‘ডিডিএলজি’-র জাদু
পাহাড়ি ভূখণ্ডের নির্মম বাধা
পাহাড়ি খাদে পড়ে যাওয়া গাড়িতে পৌঁছনোই একটি বড় চ্যালেঞ্জ। দুর্গমতার কারণে উদ্ধারকর্মীদের রশি, সাসপেন্ডেড প্ল্যাটফর্ম, বিশেষ কাটার মেশিন নিয়ে নেমে কাজ করতে হয়। অঞ্জো জেলার দুর্ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্কও প্রায় নেই, ফলে যোগাযোগ ও সমন্বয়েও সমস্যা হচ্ছে।



