Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার আকাশপথে যেন একের পর এক বিপর্যয়! শুক্রবার দেশজুড়ে বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা (Miami Airport)। বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে চলাচলের সময় মুখোমুখি সংঘর্ষ হল দু’টি বিমানের। শনিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর। যদিও বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন দুই বিমানের অধিকাংশ যাত্রী ও বিমানকর্মী।

ট্যাক্সিওয়েতে আচমকা ধাক্কা (Miami Airport)
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ পানামা সিটি থেকে যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে মোট ১৭২ জনকে নিয়ে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান। অবতরণের পর বিমানটি ট্যাক্সিওয়ে ধরে টার্মিনালের দিকে এগোচ্ছিল। সেই সময়ই ঘটে বিপত্তি।
অভিযোগ, বিমানটির ডানার সামনের অংশ গিয়ে ধাক্কা মারে ইউপিএস-এর একটি বোয়িং ৭৬৭ পণ্যবাহী বিমানের সামনের অংশে। ওই পণ্যবাহী বিমানটির গন্তব্য ছিল কলম্বিয়ার রাজধানী বোগোটা। আচমকা এই সংঘর্ষে বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে একই ট্যাক্সিওয়েতে দু’টি বিমানের মধ্যে এমন সংঘর্ষ ঘটল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
দু’জন যাত্রী আহত, দ্রুত সরানো হয় সবাইকে (Miami Airport)
দুর্ঘটনার পর কোপা এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, সংঘর্ষের পরেও বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে টার্মিনালে পৌঁছতে সক্ষম হয়। সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, দু’জন যাত্রী সামান্য আহত হয়েছেন। বাকি যাত্রী এবং ক্রু সদস্যরা সুস্থ রয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বিমান সংস্থাটি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।
পাইলটের কথায় উঠে এল দুর্ঘটনার ছবি (Miami Airport)
দুর্ঘটনার পর থেকেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক অডিও ও ভিডিও। এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও যোগাযোগের একটি অডিওতে কোপা বিমানের পাইলটকে বলতে শোনা গিয়েছে, বিমানের বাঁ দিকের ডানার সামনের অংশ ভেঙে গিয়েছে। অন্যদিকে, ইউপিএস বিমানের পাইলটও তাঁদের বিমান কিছুটা বেশি এগিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। এক যাত্রীর বর্ণনা অনুযায়ী, অবতরণের পর ট্যাক্সিওয়েতে চলার সময় আচমকাই প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। বিমানটি একদিকে হেলে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিমানের কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
ফের প্রশ্নের মুখে মার্কিন বিমান পরিষেবা
উল্লেখ্য, এর আগে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ-র রেডিও নেটওয়ার্কে যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় পাঁচ ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। ২০০১ সালের পর এটিকে আমেরিকার দীর্ঘতম বিমান পরিষেবা স্থগিত হওয়ার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। এর জেরে ২০ হাজারেরও বেশি বিমান পরিষেবা প্রভাবিত হয়।



