Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার সাক্ষী থাকল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবার সকালে প্রিয় ফুটবল তারকাকে একঝলক দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে মাঠের ভিতরেই তাণ্ডব শুরু হয়। এই লজ্জাজনক ঘটনায় গভীরভাবে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মেসি ও তাঁর ভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান (Lionel Messi)
শনিবার নির্ধারিত সময় সকাল ১১টা ৩০ মিনিটে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পল। মাঠে ঢোকার সময় দর্শকদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়ান মেসি। কিন্তু আয়োজক ও নিরাপত্তাকর্মীদের ভিড়ে কার্যত ঢেকে যান তিনি। গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শক মেসিকে স্পষ্টভাবে দেখতে পাননি। এই হতাশা থেকেই গ্যালারিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরু হয় ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি (Lionel Messi)
বিশৃঙ্খলার আঁচ পেয়ে অল্প সময়ের মধ্যেই মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি (Lionel Messi)। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দু’আড়াই হাজার দর্শক ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন। ভাঙচুর চালানো হয় বিভিন্ন জায়গায়—ছিঁড়ে ফেলা হয় গোলপোস্টের জাল, ভেঙে দেওয়া হয় সাজঘরে যাওয়ার টানেলের ছাউনি। উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরেও। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফ। পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ ওঠে।
স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা বাতিল মুখ্যমন্ত্রীর
এই ঘটনার দিন যুবভারতীতে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তবে বিশৃঙ্খলার খবর পেয়ে মাঝপথ থেকেই তাঁর স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা বাতিল হয়।
ক্ষমা প্রার্থনা মুখ্যমন্ত্রীর
ঘটনার পরেই সমাজমাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ দীর্ঘ পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি স্তম্ভিত এবং মর্মাহত। আমিও হাজার হাজার ক্রীড়াপ্রেমীর মতোই লিওনেল মেসিকে দেখতে যাচ্ছিলাম।” এরপরই তিনি ক্ষমা চেয়ে লেখেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
আরও পড়ুন : Taratala Flyover: চার দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প পথে চলার নির্দেশ পুলিশের
তদন্ত কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
একই পোস্টে মুখ্যমন্ত্রী জানান, গোটা ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের শীর্ষ আধিকারিকরা। এই কমিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। কারা এই বিশৃঙ্খলার জন্য দায়ী, নিরাপত্তা ও আয়োজনে কোথায় গাফিলতি ছিল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।
আরও পড়ুন : Narendra Modi : ‘এক ঢিলে দুই পাখি’ কৌশল, আগামী সপ্তাহে তাহেরপুরে জনসভা মোদির
সবশেষে মুখ্যমন্ত্রী আরও একবার ক্রীড়াপ্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করে জানান, রাজ্য সরকার এই ঘটনার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


