Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের পরই পশ্চিম এশিয়ায় বাড়তি উত্তেজনার প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে, এটি কোনও প্রাকৃতিক ভূমিকম্প নয়, বরং সরকারের গোপন পরমাণু পরীক্ষার ফল(Israel)। ডেড সি এবং দক্ষিণ নেগেভ অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সতর্কবার্তাও জারি করা হয়।
বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই (Israel)
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম জানিয়েছে, এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে কম্পনের স্বল্পস্থায়ী কিন্তু তীব্র অনুভূতি অনেকের মনে সন্দেহ তৈরি করেছে।
ভূমিকম্পের উৎস কোথায়? (Israel)
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার নিচে হয়েছিল। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের মতে, এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বেরশেবা শহরের দক্ষিণ-পূর্বে ডিমোনা এলাকার কাছে। কম্পনের পর অনেক শহরে লাউডস্পিকারে সতর্কতা ঘোষণা করা হয় এবং সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় মানুষকে খোলা জায়গায় যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে উল্লেখযোগ্য কোনও আফটারশক ধরা পড়েনি।
পরমাণু পরীক্ষার গুজব কেন? (Israel)
ডিমোনার কাছেই অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। এই কারণেই ভূমিকম্পের সঙ্গে পরমাণু পরীক্ষার যোগসূত্র খুঁজতে শুরু করেন অনেকে। সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে, “ডিমোনার কাছেই ভূমিকম্প এটা কি গোপন পারমাণবিক পরীক্ষা?” কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বও সন্দেহ প্রকাশ করেন, বিশেষ করে যখন ভূমিকম্পটি মাত্র ১–২ সেকেন্ড স্থায়ী ছিল এবং একই সময়ে স্কুলে জরুরি মহড়া চলছিল।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা (Israel)
ইসরায়েলি কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা গুজব নাকচ করে জানিয়েছেন, ঘটনাটি সম্পূর্ণ প্রাকৃতিক। জর্ডান ভ্যালি অঞ্চল আফ্রিকান ও আরবীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে প্রতি ৮০ থেকে ১০০ বছরে বড় ভূমিকম্প ঘটে। যদিও কম্পন দক্ষিণ ইসরায়েলে কেন্দ্রীভূত ছিল, তবুও তা জেরুজালেমসহ মধ্য ও উত্তর ইসরায়েলের কিছু অংশে অনুভূত হয়, যা সাময়িক বিভ্রান্তির সৃষ্টি করে।



