Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সরস্বতী পুজোর শুভ সকালে আনন্দের আবহেই কলকাতায় নেমে এল শোকের ছায়া (Ultadanga Area)। শুক্রবার সকালে শহরের ব্যস্ত উল্টোডাঙ্গা চত্বরে হাডকো মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া গতির একটি প্রাইভেট চারচাকা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নিরীহ পথচারীর। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক স্কুটি চালক, যাঁর অবস্থা আশঙ্কাজনক।

নিয়ন্ত্রণ হারিয়েই একের পর এক ধাক্কা (Ultadanga Area)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কাঁকুড়গাছির দিক থেকে উল্টোডাঙ্গার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি প্রাইভেট চারচাকা গাড়ি। অভিযোগ, গাড়িটির গতি স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল (Ultadanga Area)। হাডকো মোড়ের কাছে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারান। প্রথমে একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সেই ধাক্কার রেশ কাটতে না কাটতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক পথচারীকেও আছড়ে দেয় নিয়ন্ত্রণহীন গাড়ি। প্রবল আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
ফুটপাথের দোকানে ধাক্কা (Ultadanga Area)
দুর্ঘটনার পরও গাড়িটির গতি থামেনি। পথচারীকে ধাক্কা মারার পর সেটি ফুটপাথের উপর উঠে গিয়ে একাধিক দোকানে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। দোকানদার ও পথচারীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত স্কুটি চালককে দ্রুত উদ্ধার করা হয়। ট্রাফিক পুলিশ ও প্রশাসনের সহায়তায় তাঁকে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: মনীষীদের অসম্মান করার চেষ্টা, নেতাজির জন্মদিনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
কড়া নজরে হাসপাতাল কর্তৃপক্ষ
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আহত স্কুটি চালকের আঘাত অত্যন্ত গুরুতর। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানা গিয়েছে। অন্যদিকে, মৃত পথচারীর পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনার পরপরই মানিকতলা থানার পুলিশ অভিযুক্ত চারচাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং চালককে আটক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ খতিয়ে দেখছে, অতিরিক্ত গতি ছিল কি না, ব্রেক ফেল করেছিল কি না, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, নাকি যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা, সব দিক বিবেচনা করেই তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



