Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফের একবার নন্দীগ্রামের রাজনৈতিক ময়দানে বড়সড় বার্তা দিল শাসকদল তৃণমূল কংগ্রেস (Nandigram)। রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রানিচক সমবায় সমিতির নির্বাচনে উল্লেখযোগ্য জয় পেল তৃণমূল। মোট ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে বিজেপির ঝুলিতে এসেছে মাত্র ১৮টি আসন। এই ফলাফল প্রকাশ্যে আসতেই সবুজ আবিরে মেতে ওঠেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।

শুভেন্দুর গড়ে তৃণমূলের সাফল্য (Nandigram)
নন্দীগ্রাম বিধানসভা আসন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই নন্দীগ্রামেরই রানিচক সমবায় সমিতিতে তৃণমূলের এই জয় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে শুভেন্দু অধিকারীর গড়ে বারবার সমবায় নির্বাচনে সাফল্য তৃণমূল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস ও ‘অক্সিজেন’ জোগাবে, তা বলাই বাহুল্য।
ভোটের আগেই উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)
তবে এই নির্বাচনের আগে থেকেই নন্দীগ্রামে ছিল চরম উত্তেজনা। শনিবার রাত থেকেই রানিচক সমবায় সমিতি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গভীর রাতে তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে হামলা চালায় বিজেপির কর্মী-সমর্থকরা। পালটা প্রতিক্রিয়ায় তৃণমূল কর্মীরাও রাস্তায় নামেন। লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষ, পালটা আক্রমণ এবং বোমাবাজির অভিযোগে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এই সংঘর্ষে আহত হন মোট ১২ জন। তাঁদের মধ্যে ৫ জন গুরুতর আহত হন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কড়া নিরাপত্তায় সম্পন্ন ভোটগ্রহণ (Nandigram)
অশান্তির আশঙ্কায় রবিবার সকাল থেকেই নন্দীগ্রাম রানিচক এলাকা কার্যত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। ব্যাপক সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশি নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোটপ্রক্রিয়া সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: মনীষীদের অসম্মান করার চেষ্টা, নেতাজির জন্মদিনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
আগের নির্বাচনের ধারাবাহিকতায় সবুজ সাফল্য
উল্লেখযোগ্যভাবে, এটি নন্দীগ্রামে তৃণমূলের একমাত্র সাফল্য নয়। গত রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছিল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সেখানে বিজেপি খাতাই খুলতে পারেনি। শুধু নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েতে কাজলাগড় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনেও তৃণমূলের দাপট স্পষ্ট। মোট ২১টি আসনের মধ্যে ১৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ৪টি আসনে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।



