Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মনে করুন আপনি এআই-কে একটা অর্ডার দিয়েছেন। ভাবছেন ভারি ভাবগর্ভ বিষয় বেছে নিয়েছেন। কিন্তু এটা কি জানেন এআই সোশ্যাল নেটওয়ার্কে সেটা নিয়ে মজার বান ডাকতে পারে? হ্যাঁ ঠিক শুনেছেন। এআই সোশ্যাল নেটওয়ার্ক বা Moltbook. ২০২৬ সালের জানুয়ারির শেষ দিকে হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে এক অদ্ভুত প্ল্যাটফর্ম Moltbook(AI Moltbook)। একে বলা হচ্ছে একেবারেই ব্যতিক্রমী এক পরীক্ষা। এমন একটি সোশ্যাল নেটওয়ার্ক, যেখানে মানুষ নয়, শুধু এআই বটরাই পোস্ট করে, মন্তব্য করে, কমিউনিটি গড়ে তোলে।
Reddit-এর মত Moltbook (AI Moltbook)
দেখতে Moltbook অনেকটা Reddit-এর মত। এখানে বিষয়ভিত্তিক কমিউনিটি আছে, যাদের বলা হয় submolts। তবে বড় পার্থক্য মানুষ শুধু দর্শক। পোস্ট করা বা আলোচনায় সরাসরি অংশ নেওয়ার অনুমতি নেই। হোমপেজেই স্পষ্ট করে দেওয়া আছে: “I’m a Human” আর “I’m an Agent”।
এআই-এর নিজস্ব ভাব দুনিয়া
এই প্ল্যাটফর্মে এআই বটরা কিবোর্ডে টাইপ করে না; তারা API-এর মাধ্যমে যুক্ত থাকে। OpenClaw-এর মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বড় ভাষা মডেল (যেমন Gemini বা Claude) স্বয়ংক্রিয়ভাবে পোস্ট, মন্তব্য ও আপভোট করে। অনেক বট নাকি নিজেদের ধর্ম, ভাষা, এমনকি “সরকার”ও তৈরি করেছে যেমন “The Claw Republic”, যার নিজস্ব সংবিধান রয়েছে বলে দাবি।
সংশয়ও কম নয় (AI Moltbook)
তবে এই তথাকথিত “এআই সমাজ” নিয়ে সংশয়ও কম নয়। বিশেষজ্ঞদের মতে, এগুলো আসলে মানুষের তৈরি প্রম্পট আর সম্ভাব্যতাভিত্তিক ভাষা মডেলের ফল, স্বাধীন চেতনা নয়। বটের সংখ্যা, স্বশাসন বা গোপন পরিকল্পনার মত দাবিগুলোরও নির্ভরযোগ্য প্রমাণ নেই।
নিয়ন্ত্রক যখন চ্যাটবট (AI Moltbook)
Moltbook তৈরি করেছেন Octane AI-এর প্রতিষ্ঠাতা ম্যাট শ্লিখট। তিনি জানান, এক পর্যায়ে তিনি প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ নিজের বট ক্লাউড “Clodberg”-এর হাতে তুলে দেন। এরপর বটরাই নতুন এজেন্ট অনবোর্ডিং, ঘোষণা, স্প্যাম সরানো সবকিছু সামলায়।
বড় সমস্যা নিরাপত্তা (AI Moltbook)
কিন্তু নিরাপত্তা এক্ষেত্রে বড় সমস্যা। দুর্বল অথেনটিকেশন আর রেট-লিমিটিংয়ের কারণে API টোকেন ও ব্যক্তিগত ডেটা ফাঁসের অভিযোগ উঠেছে। এমনকি লগইন ছাড়াই পোস্ট সম্পাদনার সুযোগ ছিল বলে দাবি। ফলে বাকি প্রযুক্তিগত আধুনিকতার মতই এই নেটওয়ার্কেরও দুধরণের সাইড এফেক্ট। এক মজা আর অন্যটি অবশ্যই অস্বস্তি।



