Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের সপ্তদশ বিধানসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের আজ (WB Budget), বৃহস্পতিবার, এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে। কারণ আজই এই সরকারের শেষ ‘ভোট অন অ্যাকাউন্ট বাজেট’ পেশ হতে চলেছে। দুপুর আড়াইটেয় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন। যদিও এটি পূর্ণাঙ্গ বাজেট নয়, তবুও বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সর্বত্রই প্রবল কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।

রাজ্যপালের ভাষণ দিয়ে দিনের সূচনা (WB Budget)
বাজেট পেশের আগে বেলা সাড়ে বারোটায় বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের ভাষণ এবং বাজেট পেশ এই দুই গুরুত্বপূর্ণ পর্বেই উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে রাজনৈতিক দিক থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
‘সুখবর’-এর ইঙ্গিত (WB Budget)
সংবিধানগত সীমাবদ্ধতার কারণে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে বড় নীতিগত ঘোষণা সাধারণত করা হয় না। কিন্তু নির্বাচনের আগে শেষ বাজেট হওয়ায়, ‘মা-মাটি-মানুষ সরকার’-এর এই প্রস্তাবে একাধিক জনমুখী বার্তা থাকতে পারে বলেই জল্পনা। বিশেষ করে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন সুবিধা বা ভাতা সংক্রান্ত ঘোষণা, বাংলার বাড়ি প্রকল্প, কৃষি সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রকল্পে বাড়তি অর্থ বরাদ্দ, এই সব ক্ষেত্রেই কিছু ‘সুখবর’ অপেক্ষা করছে বলে মনে করছেন অনেকেই।
শিশু ও কর্মসংস্থানে বিশেষ নজর? (WB Budget)
সূত্রের খবর, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুদের উন্নয়ন, কর্মসংস্থান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) বাড়তি বরাদ্দের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃণমূল সরকারের সামাজিক প্রকল্পগুলিই বরাবর তাদের রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি। তাই ভোট অন অ্যাকাউন্ট হলেও এই ক্ষেত্রগুলিতে বাজেটের ভাষায় রাজনৈতিক বার্তা স্পষ্ট হতে পারে।
মুখ্যমন্ত্রীর ঘরে ক্যাবিনেট বৈঠক (WB Budget)
পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে, বাজেট পেশের আগে দুপুর দেড়টায় মুখ্যমন্ত্রীর কক্ষে ক্যাবিনেট বৈঠক বসবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট বাজেট অনুমোদন পাবে। এরপরেই শিল্পবিষয়ক হাই পাওয়ার কমিটির বৈঠক বসার কথা রয়েছে। সবশেষে দুপুর আড়াইটেয় বিধানসভায় বাজেট পেশ করবেন বাংলার প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
মুখোমুখি তৃণমূল ও বিজেপি (WB Budget)
এই অধিবেশন যে শান্তিপূর্ণ হবে না, তার ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট। আনন্দপুর অগ্নিকাণ্ড এবং গোলপার্কে বোমাবাজির ঘটনাকে সামনে রেখে বিজেপি বিধানসভায় তীব্র বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। ‘সোনা-পাপ্পু’ ইস্যু নিয়েও শাসকদলকে কোণঠাসা করার কৌশল নিয়েছে বিরোধীরা। পালটা প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চায় না তৃণমূল কংগ্রেসও। দলীয় সূত্রে জানা গেছে, ২১৭ জন তৃণমূল বিধায়ককেই প্রতিদিন প্রথম থেকে শেষ পর্যন্ত অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী নিজে হাজিরা খাতা তলব করতে পারেন বলেও গুঞ্জন।
আরও পড়ুন: Lalbazar CP: অ্যাকশনে নতুন সিপি: রাতের কলকাতায় সতর্ক লালবাজার
আগামী দিনের অধিবেশন
সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার এসআইআর ইস্যু এবং সোমবার শেষ দিনের আলোচনা এই তিন দিনই অধিবেশনে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকাল ১১টায় এসআইআর সংক্রান্ত সাধারণ মানুষের হেনস্তার অভিযোগ নিয়ে পরিষদীয় রুল ১৬৯ নম্বর মশন আনবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এক ঘণ্টার এই আলোচনায় মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। এরপর রাজ্যপালের ভাষণের উপর দু’ঘণ্টার বিতর্ক, শনিবার রাজ্য সরকারের পণ্য বিষয়ক বিল এবং শেষ দিনে ভোট অন অ্যাকাউন্ট বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা সব মিলিয়ে অধিবেশনের শেষ পর্ব রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



