Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, অংশুমান চক্রবর্ত্তী, সিকিম: একদিকে পশ্চিমবঙ্গে (Sikkim Snowfall) শীত কার্যত বিদায়ের পথে। দিন দিন বাড়ছে তাপমাত্রা, সকাল-সন্ধ্যার হালকা ঠান্ডাও প্রায় উধাও। কিন্তু ঠিক তার বিপরীত ছবি ধরা পড়েছে পার্শ্ববর্তী রাজ্য সিকিম-এ। গত দু’দিন ধরে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত তুষারপাত, যা পাহাড়ি জনপদে ফিরিয়ে এনেছে শীতের আমেজ।
তুষারপাতের রেশ স্পষ্ট (Sikkim Snowfall)
স্থানীয় সূত্রে খবর, উত্তর সিকিমের একাধিক জনপ্রিয় (Sikkim Snowfall) পর্যটনকেন্দ্র, নাথুলা, ইয়ুমথাং ভ্যালি, লাচেন এবং লাচুং এলাকায় গতকাল বিকেল প্রায় তিনটার পর থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুষারপাত।

সন্ধ্যা গড়াতেই পাহাড়ি রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর, সবই সাদা বরফে ঢেকে যায়। আজ সকালেও তুষারপাতের রেশ স্পষ্ট। যদিও দিনের বেলায় রোদের দেখা মিলেছে, তবুও বরফে মোড়া পাহাড়ি প্রান্তর যেন এক স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি করেছে। ঝলমলে রোদে চকচক করছে সাদা বরফের আস্তরণ। প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ অনেক পর্যটকের মতে কাশ্মীর-কেও টক্কর দিতে পারে।
আনন্দে আত্মহারা পর্যটকরা (Sikkim Snowfall)
হঠাৎ তুষারপাতের সাক্ষী হয়ে আনন্দে আত্মহারা (Sikkim Snowfall) পর্যটকরা। অনেকে বরফে খেলায় মেতে উঠেছেন, কেউ তৈরি করছেন স্নোম্যান, আবার কেউ ব্যস্ত মোবাইল ও ক্যামেরায় মুহূর্ত বন্দি করতে। সামাজিক মাধ্যমেও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে উত্তর সিকিমের এই তুষারাবৃত ছবিগুলি।

তবে তুষারপাতের জেরে কিছু এলাকায় যান চলাচলে সাময়িক প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে উচ্চভূমি এলাকায় গাড়ি চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Bangladesh Vote: ভোট শেষ, সরকার নয়! সোমবার ঢাকায় বিক্ষোভ মিছিল
পর্যটন শিল্পে নতুন করে আশার সঞ্চার
অন্যদিকে, শীত বিদায়ের মুখে এই অপ্রত্যাশিত তুষারপাত উত্তর সিকিমের পর্যটন শিল্পে নতুন করে আশার সঞ্চার করেছে। হোটেল ব্যবসায়ী ও গাড়িচালকদের মতে, বরফ পড়ার খবর ছড়াতেই নতুন করে পর্যটকদের আগ্রহ বেড়েছে। অনেকেই শেষ মুহূর্তে ভ্রমণ পরিকল্পনা বদলে উত্তর সিকিমের উদ্দেশে রওনা দিচ্ছেন। সব মিলিয়ে, যখন সমতলে শীতের বিদায় ঘণ্টা বাজছে, ঠিক তখনই উত্তর সিকিমে প্রকৃতি যেন শেষবারের মতো শীতের সাদা আবরণে নিজেকে সাজিয়ে তুলেছে।


