Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুলিশকে হুমকি দেওয়া এবং পুলিশ আধিকারিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুলিশের তলবে সাড়া দিয়ে এদিন দুপুরে থানায় পৌঁছন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। বিকেল সাড়ে ৪টের পর থানা থেকে বেরিয়ে যান অভিষেক। তবে তাঁর থানায় হাজিরাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরবর্তীতে তৃণমূল সমর্থক ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা যায়।
কী অভিযোগে থানায় তলব? (Abhishek Banerjee)
নাম না করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ একাধিক পুলিশ আধিকারিককে নিয়ে মন্তব্য করার অভিযোগ উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার মতো মন্তব্য করেছিলেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে এক মহিলা গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
পুরনো মন্তব্য ঘিরেই কি বাড়তি চাপ? (Abhishek Banerjee)
গত অক্টোবরেও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিকরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুশি করতে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। সেই সময় তিনি পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখার এবং ভবিষ্যতে হিসাব নেওয়ার কথাও বলেছিলেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে ঘিরে ব্যক্তিগত মন্তব্যও বিতর্কের কেন্দ্রে আসে। সেই বক্তব্যগুলির প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরো পড়ুন: Transgender Employment: ট্রাফিক সিগন্যাল থেকে সরকারি কাজে, রূপান্তরকামীদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের?
ভিডিওগ্রাফি ও রেকর্ডিংয়ে জিজ্ঞাসাবাদ
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি ও অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে নথিবদ্ধ করা হয়েছে। পুলিশ আধিকারিকদের নিয়ে কেন এমন মন্তব্য করেছিলেন, সেই বিষয়েই একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। তদন্তকারী আধিকারিকরা তাঁর বক্তব্য খতিয়ে দেখবেন। উত্তর সন্তোষজনক হলে ফের তলবের সম্ভাবনা কম, অন্যথায় তদন্তের স্বার্থে আবারও তাঁকে ডাকা হতে পারে।



