Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী: পাকা ধানে মই দেওয়া বোধহয় একেই বলে! আমন ধান কেটে ঘরে তোলার ঠিক আগে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন হুগলি জেলার কৃষকরা (Hooghly)। মাঠে পাকা ধান বৃষ্টির জলে ভিজে ভারী হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। কোথাও আবার কাটা ধান জমিতেই পড়ে থেকে বৃষ্টির জলে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে আমন ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন চাষিরা।

মাঠে জল, মাটিতে শুয়ে পড়েছে পাকা ধান (Hooghly)
কৃষকদের আশঙ্কা, জমিতে পড়ে থাকা পাকা ধানের শিষে জল জমে থাকলে ধান থেকে অঙ্কুর বেরিয়ে যেতে পারে। ফলে ধানের গুণগত মান ও উৎপাদন দুই ক্ষেত্রেই ক্ষতির আশঙ্কা বাড়ছে। আরও কয়েকটা দিন আবহাওয়া অনুকূলে থাকলে অধিকাংশ কৃষকই ধান কেটে গোলায় তুলে ফেলতে পারতেন। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় ধান কাটার কাজ ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জমিতে নেমে ধান কাটাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে।
পিছিয়ে যেতে পারে আলু চাষ, সবজি নিয়েও উদ্বেগ (Hooghly)
হুগলি জেলায় আমন ধান তোলার আগেই অনেক জমিতে আলু চাষ শুরু হয়। এমনকি কিছু ধানের জমিতেও আলু বসানোর প্রস্তুতি চলে। কিন্তু লাগাতার বৃষ্টিতে মাটি ভিজে থাকায় এখনই আলু বসানো সম্ভব হচ্ছে না। রোদ উঠলে জমির জল শুকিয়ে মাটি চাষের উপযুক্ত হওয়ার অপেক্ষায় থাকতে হবে কৃষকদের। ফলে আলু চাষের সময়সূচিও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি জমিতে জল জমে থাকলে বিভিন্ন সবজি চাষেও গোড়া পচে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
১ লক্ষ ৮৭ হাজার হেক্টর জমিতে আমন চাষ (Hooghly)
হুগলি জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ১ লক্ষ ৮৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ১২ শতাংশ জমির ধান কাটা হয়েছে। টানা দুদিনের বৃষ্টিতে বাকি জমির পাকা ধান নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে বৃষ্টি থেমে দ্রুত রোদ উঠলে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব বলে মনে করছেন কৃষি আধিকারিকরা। ধান কেটে ঘরে তোলার পরই প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব সামনে আসবে।
আরো পড়ুন: Transgender Employment: ট্রাফিক সিগন্যাল থেকে সরকারি কাজে, রূপান্তরকামীদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের?
কৃষকদের জন্য কৃষি দফতরের পরামর্শ
জেলা উদ্যান পালন দফতরের আধিকারিকদের পরামর্শ, বাঁধাকপি, ফুলকপি ও পেঁয়াজের বীজতলায় জল জমে থাকলে দ্রুত সেই জল বের করে দিতে হবে। বৃষ্টি কমার পর পরিস্থিতি বুঝে ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কৃষি বিশেষজ্ঞদের দল জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করছে। জেলা পর্যায়েও কৃষি দফতরের আলোচনা চলছে। এখন কৃষকদের একটাই প্রার্থনা, দ্রুত আকাশ পরিষ্কার হোক, যাতে মাঠের ফসল বাঁচিয়ে ঘরে তুলতে পারেন তাঁরা।



