Last Updated on [modified_date_only] by Aditi Singha
পলাশ নস্কর: বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে সল্টলেকের সিটি সেন্টারের একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কনক্লেভ ২০২৬’ (West Bengal Heritage)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্যের হেরিটেজ সম্পত্তিকে পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা এবং সেই লক্ষ্যে একটি সুসংহত সরকারি নীতি তৈরির বিষয়টি উঠে আসে আলোচনায়।
হেরিটেজ সম্পত্তিকে পর্যটনের নতুন আকর্ষণ করার উদ্যোগ (West Bengal Heritage)
পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, প্রতি বছর ১৯ থেকে ২৬ নভেম্বর বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালিত হয়। সেই উপলক্ষেই হেরিটেজ সম্পত্তির মালিক, হেরিটেজ ট্যুরিজমের সঙ্গে যুক্ত সংস্থা, বিনিয়োগকারী এবং বিভিন্ন স্তরের অংশীদারদের নিয়ে এই কনক্লেভের আয়োজন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যে হেরিটেজ সম্পত্তিকে কেন্দ্র করে যেভাবে পর্যটকদের আকৃষ্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গেও তেমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতদিন রাজ্যের হেরিটেজ সম্পত্তির প্রচার ও প্রসারের জন্য নির্দিষ্ট নীতি না থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি। আলোচনার ভিত্তিতে নতুন নীতি তৈরি করে সরকার, সম্পত্তির মালিক ও বিনিয়োগকারীদের মধ্যে সমন্বয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
পর্যটকের মৃত্যুর ঘটনা, হোমস্টেতে নিরাপত্তায় কড়া নজর (West Bengal Heritage)
অন্যদিকে, বারবিকিউ করতে গিয়ে এক নববিবাহিত পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাও উঠে আসে সাংবাদিকদের প্রশ্নে। বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে মন্ত্রী জানান, তিনি মৃতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট আধিকারিকদেরও গোটা ঘটনা পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে হোমস্টেগুলির জন্য পৃথক বিমা ব্যবস্থা চালু করা যায় কি না, তা নিয়েও পর্যটন দফতর আলোচনা করবে।
এসওপি থাকলেও কেন মানা হচ্ছে না নিরাপত্তাবিধি? (West Bengal Heritage)
মন্ত্রী জানান, হোমস্টে ও পর্যটনকেন্দ্রগুলির জন্য ইতিমধ্যেই এসওপি রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই নির্দেশিকা অমান্য করে নিজেদের মতো ব্যবসা চালানোর অভিযোগ উঠছে। তাই প্রয়োজনে আরও কঠোর বিধিনিষেধ আরোপের পথে হাঁটবে সরকার। ফায়ার সেফটি, বৈদ্যুতিক ব্যবস্থা এবং বিল্ডিং প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আরও গুরুত্ব দিয়ে দেখা হবে। হোমস্টে ও পর্যটন নীতি পুনর্বিবেচনা করে বিষয়টি মন্ত্রিসভার সামনে তোলার পরিকল্পনাও রয়েছে।
আরো পড়ুন: Transgender Employment: ট্রাফিক সিগন্যাল থেকে সরকারি কাজে, রূপান্তরকামীদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের?
ডিজিটাল পরিকাঠামো তৈরির পরিকল্পনা
মন্ত্রী আরও জানান, রাজ্যের প্রতিটি জেলায় পর্যটন মানচিত্র তৈরির কাজ চলছে। ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি বাস্তব পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। জেলাশাসক ও পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিধায়কদের কাছ থেকেও জমি চিহ্নিতকরণ-সহ পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব চাওয়া হয়েছে। সাধারণ মানুষও নতুন পর্যটনস্থল তৈরির প্রস্তাব দিতে পারবেন।



