Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে তেল সরবরাহ (Fuel Shortage Panic) নিয়ে আশঙ্কা তৈরি হতেই নদিয়া জেলায় পেট্রোল পাম্পগুলিতে দেখা দিয়েছে অস্বাভাবিক ভিড়। জেলার বিভিন্ন পাম্পে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গাড়ির সারি। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেল পাওয়ার জন্য। কেউ আবার একাধিক পাম্প ঘুরেও ডিজেল বা পেট্রোল পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
ছড়িয়েছে নানা জল্পনা (Fuel Shortage Panic)
গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক (Fuel Shortage Panic) পরিস্থিতি নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ভারতে পড়তে পারে-এমন আশঙ্কাই মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দেশের ভান্ডারে এখনও প্রায় ২৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি সরকার আশ্বস্ত করেছে যে, আপাতত পেট্রোল বা ডিজেলের দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবুও গুজব ও অনিশ্চয়তার কারণে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করার চেষ্টা করছেন।
আরও পড়ুন: Ranabaali Cinema Shoot: বিয়ের পরেই বড় চমক! ‘রানাবালি’-তে আবার জুটি রশ্মিকা-বিজয়
একাধিক ক্রেতা জানান, ভবিষ্যতে ডিজেল পাওয়া কঠিন হয়ে যেতে পারে-এমন খবর শুনেই তারা আগেভাগে তেল কিনতে পাম্পে এসেছেন। কৃষিকাজের জন্য ডিজেলের উপর নির্ভরশীল অনেক চাষিও উদ্বেগে রয়েছেন। একজন কৃষক জানান, ধান চাষের কাজে ব্যবহারের জন্য ডিজেল কিনতে এসে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি তেল পাননি। পাম্প কর্মীদের কথায়, গত দু’দিনে ডিজেলের চাহিদা হঠাৎই অনেক বেড়ে গিয়েছে। সেই কারণে কয়েকটি পাম্পে সাময়িকভাবে ডিজেল শেষ হয়ে গেছে। তবে পেট্রোল এখনও পাওয়া যাচ্ছে, যদিও সেটির চাহিদাও দ্রুত বাড়ছে।


