Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের (Yuvasathi Scheme) আগে রাজ্যের বাজেটে বেকার যুবকদের জন্য বড় ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণাই এখন নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বহু আবেদনকারীর কাছে। যুব সাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের এই আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
আবেদনের হিড়িক (Yuvasathi Scheme)
এই ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় (Yuvasathi Scheme) আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল। অনেকেই সরাসরি সরকারি দফতরে গিয়ে আবেদন করেছিলেন, আবার বহু মানুষ ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু এখন সমস্যায় পড়েছেন সেই ওয়েবসাইটে আবেদন করা যুবক-যুবতীদের একাংশ। তাঁদের অভিযোগ, ভাতা পাঠানোর বার্তা এলেও বাস্তবে ব্যাঙ্ক হিসাবে টাকা পৌঁছচ্ছে না।
মুখ্যমন্ত্রীর ঘোষণা (Yuvasathi Scheme)
গত শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এপ্রিলের বদলে সাত মার্চ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাঁর কথায়, আবেদনকারী প্রত্যেকেই নির্দিষ্ট সময়ে মাসিক ভাতা পেয়ে যাবেন। কিন্তু সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠতে শুরু করেছে।
বার্তা আসলেও আসেনি টাকা
অনেক আবেদনকারী জানিয়েছেন, নির্দিষ্ট দিনে টাকা পাঠানোর বার্তা মোবাইলে আসে। কিন্তু কিছুক্ষণ বা একদিন পর আবার জানানো হয় যে লেনদেন সম্পূর্ণ হয়নি। তখন বলা হচ্ছে, সমস্যার সমাধানের জন্য ব্যাঙ্ক বা স্থানীয় সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু সেখানে গিয়েও অনেকেই স্পষ্ট সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ।

আরও পড়ুন: Bangladesh Fuel Crisis: জ্বালানি ঘাটতিতে বিপাকে বাংলাদেশ, সাহায্যের হাত বাড়াল ভারত
ব্যর্থ লেনদেন
এছাড়া আরেকটি সমস্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। বহু আবেদনকারীর দাবি, তাঁদের ব্যাঙ্ক হিসাবের নম্বর সম্পূর্ণ থাকলেও বার্তায় তা অসম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। কোথাও একটি সংখ্যা কম দেখাচ্ছে, কোথাও আবার শুরুতে থাকা শূন্য অঙ্কটি বাদ পড়ে যাচ্ছে। ফলে লেনদেন ব্যর্থ হচ্ছে বলে আশঙ্কা করছেন অনেকে।



