Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুয়েল সারচার্জ বৃদ্ধি করার সঙ্গে-সঙ্গে ধস নামল ইন্ডিগোর শেয়ারে (IndiGo)।
ইন্ডিগোর শেয়ারে ব্যাপক ধস (IndiGo)
শেষ ট্রেডিং সেশনে উড়ান সংস্থা ইন্ডিগোর পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ার দরে ব্যাপক পতন দেখা গিয়েছে। একদিকে যেমন পাল্লা দিয়ে পতন হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের তেমনই হ্রাস পেয়েছে এই সংস্থার শেয়ার দর। এই উড়ান সংস্থার শেয়ার নেমে গিয়েছিল ৩ হাজার ৯৭০ টাকায়। শুধু বৃহস্পতিবার নয়। গত একমাসেও এই সংস্থার শেয়ার দর কমেছে ১০ শতাংশের বেশি। পরে কিছুটা বাড়লেও সেটা আশানরুপ হয়নি (IndiGo)।
অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বেড়েছে বুধবার। এর ফলে বিমানে ব্যবহার করা জ্বালানির দাম প্রায় ১১৪ শতাংশ বেড়ে ২ লক্ষ টাকা পার করেছে। যদিও কেন্দ্র জানিয়েছে, বিশ্ব বাজারে দাম এতটা বাড়লেও ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে দাম বাড়বে ২৫ শতাংশ।
জ্বালানির এই বৃদ্ধির কারণে বুধবার ইন্ডিগো ফুয়েল সারচার্জ বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল নিয়ে যে ডামাডোল চলছে এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দরে বৃদ্ধির চাপ সামলাতে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। নতুন সারচার্জ ভাড়ার সঙ্গে যুক্ত হওয়ার কারণে টিকিটের দামও বৃদ্ধি পেতে পারে। ২ এপ্রিল থেকে এই চার্জ ধার্য করা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বাজার আগের মতো স্বাভাবিক হলে এই চার্জ পুনর্বিবেচনা করে দেখা হবে।

আরও পড়ুন: Lily Padding: চাকরিক্ষেত্রে Gen Z আমদানি লিলি প্যাডিং, আসলে এটি কী?
বিশেষজ্ঞদের মতে এই চার্জ বৃদ্ধির প্রভাব পড়েছে শেয়ারের দামে। জেট ফুয়েলের দাম বৃদ্ধি, যুদ্ধ সংক্রান্ত অনিশ্চয়তা, ডলারের সাপেক্ষে টাকার দামে পতনের মতো একাধিক ফ্যাক্টরের জেরে অ্যাভিয়েশন সেক্টরের জন্য বড় ধাক্কা হতে পারে। একাধিক ব্রোকারেজ সংস্থা ‘বাই রেটিং’ বজায় রাখলেও স্টকের টার্গেট প্রাইস কমিয়ে দিয়েছে। তবে পরবর্তীতে শেয়ার দরে আরও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে (IndiGo)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


