Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জঙ্গল মহলের প্রত্যন্ত অঞ্চলে আবারও সামনে এল উন্নয়নের বঞ্চনার ছবি (Jungle Mahal)। রানীবাঁধের রুদড়া গ্রাম পঞ্চায়েতের বেঠুয়ালা বাগান পাড়ার বাসিন্দারা এবার সরাসরি ভোট বয়কটের ডাক দিয়ে প্রশাসনের নজর কাড়লেন। দেওয়াল লিখন, প্ল্যাকার্ড, মিছিল সব মিলিয়ে একপ্রকার গণআন্দোলনের রূপ নিয়েছে তাঁদের দাবি।

ক্ষোভের মূল কারণ (Jungle Mahal)
গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের গ্রামের একমাত্র রাস্তাটি বহু বছর ধরেই ভগ্নদশায় পড়ে রয়েছে। প্রায় কুড়ি বছর আগে নামমাত্র সংস্কার হলেও তারপর থেকে আর কোনো কাজ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে চলাচল প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। কাদা, জল জমে রাস্তা কার্যত অচল হয়ে পড়ে। স্কুলপড়ুয়া থেকে শুরু করে প্রবীণ মানুষ সবাইকে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হয়।
বিপদের মুখে গ্রামবাসী (Jungle Mahal)
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই খারাপ রাস্তার কারণে জরুরি পরিষেবাও গ্রামে ঢুকতে পারে না। গ্রামবাসীদের কথায়, হঠাৎ কেউ অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স গ্রামে ঢুকতেই চায় না। ফলে রোগীকে কাঁধে করে বা অন্যভাবে নিয়ে যেতে হয়, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ জমতে থাকে গ্রামবাসীদের মধ্যে।

প্রতিবাদের নতুন ভাষা (Jungle Mahal)
অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নেন। তাঁরা দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন “রাস্তা চাই, না হলে ভোট নয়।” শুধু তাই নয়, প্ল্যাকার্ড হাতে গ্রামে মিছিল করে প্রশাসনকে তাঁদের দাবির কথা জানানো হয়েছে। এই প্রতিবাদে নারী-পুরুষ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছেন, যা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।
শুরু চাপানউতোর (Jungle Mahal)
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু অভিযোগ করেছেন, বর্তমান রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের সমস্যার দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি, দলের পক্ষ থেকে গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee Nomination: ‘জয় বাংলা’ স্লোগানে মুখর ভবানীপুর, মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী
ভোট দিন, কাজ হবে
অন্যদিকে, রুদড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্র সরেন গ্রামবাসীদের অভিযোগ আংশিক স্বীকার করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভোট বয়কট কোনো সমস্যার সমাধান নয়। তিনি গ্রামবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোট পরবর্তী সময়েই রাস্তার সংস্কারের কাজ শুরু করা হবে।



