Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হান্টাভাইরাস সংক্রমণকে ঘিরে এক বড় আন্তর্জাতিক স্বাস্থ্য ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্পেন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যৌথভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসা একটি ডাচ ক্রুজ জাহাজে এই বিরল ভাইরাসের প্রাদুর্ভাব ধরা পড়েছে। ইতিমধ্যেই আটকে পড়া যাত্রীদের নিজ নিজ দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে(Mission Hantavirus)।
দেশে ফেরাতে বিশেষ বিমান (Mission Hantavirus)
প্রায় ১৫০ জন যাত্রী ও ক্রু নিয়ে চলা জাহাজটি রবিবার ভোরে টেনেরিফেতে পৌঁছনোর কথা। এখনও পর্যন্ত এক ডাচ দম্পতি ও এক জার্মান মহিলার মৃত্যু হয়েছে। আরও কয়েকজন অসুস্থ। উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসটির “অ্যান্ডিজ স্ট্রেন”, যা সীমিত ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।
যাত্রীদের ফেরাতে যৌথ পরিকল্পনা
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স-সহ একাধিক দেশের যাত্রীদের ফেরাতে যৌথ পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলির জন্য নেদারল্যান্ডস ও জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
দেহ ও যাত্রীদের টেনেরিফেতে নামানো হবে না
স্প্যানিশ প্রশাসন জানিয়েছে, মৃতদের দেহ ও যাত্রীদের লাগেজ টেনেরিফেতে নামানো হবে না। সেগুলি নিয়ন্ত্রিত ব্যবস্থায় জাহাজেই নেদারল্যান্ডসে পাঠানো হবে।
পরিস্থিতি পর্যবেক্ষণে স্পেনে WHO প্রধান (Mission Hantavirus)
পরিস্থিতি পর্যবেক্ষণে স্পেনে পৌঁছেছেন WHO প্রধান টেড্রস আধানম গেব্রেয়েসুস। তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর টেনেরিফের কন্ট্রোল সেন্টারে যোগ দেবেন। টেড্রস জানান, আপাতত নতুন কোনও উপসর্গ দেখা যায়নি এবং বিশ্বজুড়ে ঝুঁকি এখনও কম।
আরও পড়ুন: Artemis II: আর্টেমিস II: নতুন মহাকাশ যুগে মানবতার বড় পদক্ষেপ
আন্তর্জাতিক স্তরে নজরদারি (Mission Hantavirus)
বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণী থেকে ছড়ালেও জাহাজের মতো বন্ধ পরিবেশে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। তাই এই ঘটনাকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক স্তরে নজরদারি, চিকিৎসা ও কূটনৈতিক সমন্বয় একসঙ্গে চালানো হচ্ছে।



