Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় ইরান সংঘাত এবং রেকর্ড উচ্চতায় পৌঁছনো বিমান জ্বালানির দামের জেরে আন্তর্জাতিক রুটে বড়সড় কাটছাঁট করল এয়ার ইন্ডিয়া(Air India Flight)। বুধবার সংস্থা জানিয়েছে, জুন থেকে অগস্ট ২০২৬ পর্যন্ত একাধিক আন্তর্জাতিক উড়ান সাময়িকভাবে বন্ধ বা কমানো হচ্ছে। এর মধ্যে দিল্লি-শিকাগো ও দিল্লি-সাংহাই রুট পুরোপুরি স্থগিত রাখা হয়েছে।
আকাশপথে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা (Air India Flight)
এয়ার ইন্ডিয়ার বক্তব্য, পশ্চিম এশিয়ার আকাশপথে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা এবং বিকল্প দীর্ঘ রুটে উড়তে হওয়ায় খরচ ব্যাপক বেড়েছে। ফলে বেশ কিছু দীর্ঘ দূরত্বের উড়ান বাণিজ্যিকভাবে অলাভজনক হয়ে পড়েছে।
উত্তর আমেরিকার রুটে বেশি প্রভাব
উত্তর আমেরিকার রুটে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। দিল্লি-সান ফ্রান্সিসকো উড়ান সপ্তাহে ১০টির বদলে ৭টি হবে। দিল্লি-টরন্টো রুটে জুলাই পর্যন্ত ১০টির বদলে ৫টি উড়ান চলবে, অগস্টে ফের দৈনিক পরিষেবা শুরু হবে। দিল্লি-ভ্যাঙ্কুভার রুটেও সাপ্তাহিক উড়ান কমিয়ে ৫টি করা হয়েছে। দিল্লি-নিউইয়র্ক ও মুম্বই-নিউ ইয়র্ক (জেএফকে) পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে মুম্বই-নিউইয়র্ক রুটে উড়ান বাড়িয়ে দৈনিক করা হচ্ছে।
ইউরোপের উড়ানেও কাটছাঁট
ইউরোপগামী উড়ানেও কাটছাঁট হয়েছে। দিল্লি-প্যারিস রুটে সাপ্তাহিক ১৪টির বদলে ৭টি উড়ান চলবে। কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোম রুটেও ফ্রিকোয়েন্সি কমানো হয়েছে।
সপ্তাহে ৪টি উড়ান (Air India Flight)
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দিল্লি-মেলবোর্ন ও দিল্লি-সিডনি রুটে দৈনিক পরিষেবার বদলে সপ্তাহে ৪টি উড়ান চলবে। এশিয়ায় চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বই-ঢাকা ও দিল্লি-মালে রুট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন: Summer Vacation: রাজ্যে বাড়ল গরমের ছুটির মেয়াদ, কবে খুলবে সরকারি স্কুল?
যাত্রীদের জন্য বিকল্প উড়ান (Air India Flight)
যাত্রীদের জন্য বিকল্প উড়ান, বিনামূল্যে তারিখ বদল বা পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে আরও রুট পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে সংস্থা।



