Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলায় পালাবদলের পর প্রশাসনিক কার্যক্রম বদলাতে মরিয়া বিজেপি সরকার (Suvendu Adhikari)। মঙ্গলবার কল্যাণীতে তিন জেলাকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

বাংলায় পালাবদলে ক্ষমতায় বিজেপি (Suvendu Adhikari)
বাংলায় পালাবদলে ক্ষমতায় এসেছে বিজেপি। বদল হচ্ছে তৃণমূলের জমানার সরকারি কাজকর্মের খোলনলচেও। সরকারি তরফে একাধিক নতুন কার্যক্রমও শুরু হচ্ছে। মঙ্গলবার দলের সমস্ত সাংসদ, বিধায়কদের নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। মূলত তিন জেলা অর্থাৎ উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি নিয়ে এই বৈঠক হয়। প্রায় দু’ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে নেওয়া হয় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জোর দেওয়া হয়েছে আয়ুষ দফতরের উপর। এবার স্বাস্থ্য দফতর থেকে আলাদা করে ঢেলে সাজানো হবে রাজ্যের আয়ুষ দফতরকে। এ নিয়ে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হবে বলে বৈঠক শেষে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আন্তর্জাতিক যোগা দিবস (Suvendu Adhikari)
সামনেই আন্তর্জাতিক যোগা দিবস। এবার থেকে নবগঠিত আয়ুষ দফতর এবং ক্রীড়া দফতর যৌথভাবে এই দিনটি পালন করবে। স্কুল, কলেজ, এনজিও থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সব স্তরেই উৎসবের মেজাজে যোগা দিবস উদযাপিত হবে। সেক্ষেত্রেও নিয়ম বেঁধে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিশ্ব পরিবেশ দিবসও পালন হবে এরাজ্যে। ৫ জুন সমস্ত পুরসভা এলাকায় মায়ের নামে একটি গাছ লাগানো হবে। এজন্য সমস্ত বিধায়কদের অরণ্য দফতর গাছ দেবে বলে জানান শুভেন্দু অধিকারী।
‘আপনার সরকারকে বলুন’ (Suvendu Adhikari)
এছাড়াও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর বৈঠকে। স্বাস্থ্যক্ষেত্র এবং প্রাকবর্ষার কাজে গুরুত্ব দেওয়া থেকে শুরু করে সরকারী প্রকল্প নিয়েও বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে ওঠে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়ার বিষয়টিও। জানান, বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পাবলিশ করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচিও বন্ধ করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী। এবার নতুন নাম ‘আপনার সরকারকে বলুন’। বদল হবে পুরনো নম্বরও।

শুভেন্দু অধিকারীর কর্মসূচি
রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল জমানার একাধিক প্রকল্পের নাম ও পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে নতুন সরকার। এখন দেখার, শুভেন্দু অধিকারীর কর্মসূচি আমজনতার মনে কতটা জায়গা করে নিতে পারে।



