Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্যামা দাস, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার (Political Relief Scandal) অন্ডালের বাঁকোলা এলাকায় শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবন সংলগ্ন একটি গোডাউন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী।
গোডাউনে মজুত ত্রাণ সামগ্রী (Political Relief Scandal)
স্থানীয় বিক্ষুব্ধ জনতা, বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব এদিন গোডাউনের তালা খুলে ভিতরে প্রবেশ করেন। আর তারপরই চোখ কপালে ওঠে সকলের। গোডাউনের ভিতরে মজুত অবস্থায় পাওয়া যায় প্রচুর পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী।
অভিযোগ, গরিব মানুষের জন্য বরাদ্দ শাড়ি, কাপড়, মশারি থেকে শুরু করে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাকও সেখানে মজুত ছিল। এছাড়াও একটা ঘর থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই সমস্ত সরকারি সামগ্রী গোডাউনে জমা করে অন্যত্র পাচার করা হতো।
আরও পড়ুন: Fuchka: তিন রকম ফুচকা! জিভে জল আসবেই…
রাজনৈতিক মহলেও তীব্র চাপানউতোর
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন বিধায়ক বা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


