Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালকে হারিয়ে এতদিনের বদলা পূর্ণ করল ফ্রান্স। এই ম্যাচে ফ্রান্স বুঝিয়ে দিল কেন বিশ্বকাপের অন্যতম দাবিদার তারা (France vs Senegal)।
জয় দিয়ে যাত্রা শুরু ফ্রান্সের (France vs Senegal)
বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা আর রোমাঞ্চকর কিছু মুহূর্ত। সেই আবহে মুখোমুখি হয় ফ্রান্স এবং সেনেগাল। একদিকে সেনেগালের কাছে রয়েছে ২০০২ সালে ফ্রান্সকে হারানোর অনুপ্রেরণা আর অন্যদিকে ফ্রান্সের বুকে সেনেগালের কাছে গ্রুপ পর্বে হেরে যাওয়ার ক্ষত। সেই বদলা নেওয়া হয়নি কারণ ২০০২ সালের এই বিশ্বকাপে মুখোমুখি হল দুই দল। তবে সেটাই কাল হল সেনেগালের। এতদিনের পুষে রাখা ক্ষত যেন বারুদের স্তুপ আর আজ সেটা ফেটে পড়ল প্রবল শব্দে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ফ্রান্স (France vs Senegal)।
বিশ্বকাপের ইতিহাসে যখন ২০০২ সালে ফ্রান্স সেনেগাল ম্যাচ অন্যতম একটি অঘটন হিসেবে নিজের নাম তুলে ফেলেছে খাতায় তখন ২০২৬ সালের বিশ্বকাপেও এমন কিছু ঘটনা ঘটে গেছে যা বিশ্ব ফুটবলে অঘটন সমান। স্পেনের মত শক্তিকে থামতে হয়েছে কেপ ভার্দের কাছে। অন্যদিকে ইরান লড়েছে পাল্লা দিয়ে। সুতরাং খাতায় কলমে কে এগিয়ে কে পিছিয়ে সেই হিসেব করা বৃথা। ফরাসি নাটকের মত এখানেও যতক্ষণ না পর্দা পড়ছে ততক্ষণ ম্যাচ অন। তবে এই ম্যাচে তেমন কোনও ঘটনা ঘটল না, সেটাই হল যেটা কাঙ্খিত ছিল। এমবাপেদের দাপটের সামনে হার মানতে হল সেনেগালকে।
এই ম্যাচের আগে ফ্রান্স তারকা যাঁর দিকে গোটা বিশ্ব ফুটবলের নজর যাঁর দিকে সেই এমবাপেকে নিয়ে অনেক রকম জল্পনা চলছে। সাংবাদিক সম্মেলনে না আসা নিয়েও হয়েছে ফিসফিস। জরিমানাও দিতে হয়েছে তবে এমবাপে তো এমবাপে, এসবের তোয়াক্কা না করেই নিজের শর্তে চলেছেন। এমন কিছু বিশ্বকাপের আগে তিনি করতে চাননি যার জন্য তাঁর ফোকাস নষ্ট হয় (France vs Senegal)। আর আজকের ম্যাচে তিনি আবার প্রমাণ করে দিলেন তাঁকে নিয়ে মাঠের বাইরে যতই জল্পনা হোক মাঠের মধ্যে তিনি রাজা। মাঠে নামেন মাঠ শাসন করতে। এই ম্যাচেও জোড়া গোলে দলকে এনে দিলেন ২০২৬ বিশ্বকাপের প্রথম জয়।
যেমনটা আশা করা গেছিল ঠিক তেমনই পূর্ণ শক্তি নিয়ে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে অবতীর্ণ হন এমবাপেরা। তবে প্রথম অর্ধে কিছুটা যেন ছন্নছাড়া লাগছিল ফ্রান্সকে। ফরাসি বিপ্লবের ছোঁয়া থাকলেও যেন সেই আগুন ফ্যাকাসে লাগছিল। যদি ম্যাচের প্রথম অর্ধ বিচার করা হয়ে তবে দেখা যাবে সেখানে দাপট ছিল সেনেগালের। আক্রমণ আর রক্ষণ দুই জায়গায় বেশ মজবুত ছিল সেনেগাল। প্রথম হাফ শেষ হয় গোল শূন্য অবস্থায়।
আরও পড়ুন: Senegal vs France: ফ্রান্স-সেনেগাল ম্যাচের আগে চর্চায় ২০০২ বিশ্বকাপ
তবে কথায় আছে ‘Revenge is a dish best served cold’. সেই আগুন থেকেই যেন দ্বিতীয় হাফে ছন্দে ফিরল ফ্রান্স। ভাঙতে থাকল সেনেগালের রক্ষণ দুর্গ। দেশঁর ছাত্ররা ধীরে ধীরে খেলার রাশ নিজেদের হাতে নিতে থাকে আর সেখানে দেখা গেল এমবাপে ম্যাজিক। ৫৯ মিনিটে এমবাপেকে পেনাল্টি দেওয়া উচিত ছিল কিনা এই নিয়ে তর্ক থাক তবে গোলের যে খিদে আর জেদ ছিল সেটাই এনে দিল প্রথম সাফল্য। অপেক্ষার অবসান ঘটল ৬৬ মিনিটে। ডিফেন্সচেরা অনবদ্য পাস বাড়ালেন ওলিসে। পায়ের আলতো টোকায় একেবারে নিখুঁত ভঙ্গিতে গোলে বল ঠেলে দিলে এমবাপে দলের হয়ে প্রথম গোলটা করে ফেলেন।
৮০ মিনিটে দেম্বেলেকে তুলে বার্কোলোকে মাঠে নামালেন দেশঁ। কোচের এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোকে পরিণত হয়। নামার কিছুক্ষণের মধ্যেই দুরন্ত গোল করে একদিকে যেমন ব্যবধান বাড়ালেন তেমন অন্যদিকে কোচের ভরসা রাখলেন তিনি। অতিরিক্ত সময়ে এসে ফের গোল ফ্রান্স অধিনায়কের। ৯৬ মিনিটে দূরপাল্লার শট বিদ্যুৎগতিতে বল জড়িয়ে দিলেন জালে। চলতি বিশ্বকাপের ৫০তম গোল এল এমবাপের পা থেকে। সম্ভবত এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা গোল হিসেবে এটাকেই গণ্য করা হবে। হয়ে শেষ দিকে ইব্রাহিম এমবায়ে একটি গোল শোধ করলেও তাতে লাভের লাভ কিছু হয়নি। সেনেগালের বাধা টপকে বিশ্বকাপের অভিযান শুরু ফ্রান্সের (France vs Senegal)।


