Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিলের দুশ্চিন্তা আরও বাড়ল বলা যায় নেইমারের জন্য (Neymar)।
নেইমারের কাঁটা চোট (Neymar)
বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে সাম্বা ব্রিগেড। চোটের কারণে প্রথম ম্যাচে নামতে পারেননি দলের অন্যতম সেরা তারকা নেইমার। তাঁর না থাকার প্রভাব দেখা গেছিল প্রথম ম্যাচে। ভিনি নির্ভর সেই ম্যাচ ব্রাজিল শেষ করে ১-১ গোলে ড্র করে। পাঁচবারের বিশ্বকাপ খেতাব জেতা দলের সেই ম্যাচ ছিল ফিকে। ফুটবল যদি শিল্প হয় তবে ব্রাজিল সেই শিল্পের নিখুঁত শিল্পী কিন্তু প্রথম ম্যাচে সেই শৈল্পিক ব্রাজিলের বিন্দু মাত্র ছাপ ছিল না। এবার চিন্তা আরও বাড়ল নেইমারকে নিয়ে (Neymar)।
১৭ মে ক্লাব স্যান্টোসের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান এই তারকা ফরোয়ার্ড। চোট নিয়েই ১০ দিন পর ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি তবু আশা করা হচ্ছিল দ্বিতীয় ম্যাচে তিনি ফিরবেন। দ্রুত সুস্থ হচ্ছিলেন বলেই জানা গেছিল তবে এখন গ্রুপ পর্বে তাঁর খেলা অনিশ্চিত।
সদ্য প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে ২০ জুন হাইতির বিরুদ্ধে এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে। দুটো ম্যাচের কোনওটিতেই খেলার মতো অবস্থায় থাকবেন না নেইমার। ফলে গ্রুপ পর্বের পুরোটা সময়ই তাঁকে হয়ত দেখা যাবে মাঠের বাইরে। আগের ম্যাচে তাঁকে দেখা গেছিল মাঠের বাইরে থেকে দলকে নির্দেশ দিতে। কিন্তু তাঁর আসল কাজ মাঠের মধ্যে। দলকে কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া।
আরও পড়ুন: Senegal vs France: ফ্রান্স-সেনেগাল ম্যাচের আগে চর্চায় ২০০২ বিশ্বকাপ
সূত্রের খবর অনুযায়ী আমেরিকায় দলের সঙ্গে যাওয়া চিকিৎসকরা নতুন করে মেডিক্যাল পরীক্ষা করেছেন নেইমারের। এখনও পরীক্ষার ফল আসেনি। ব্রাজিল ফুটবল ফেডারেশনও মুখ খোলেনি এখনও পর্যন্ত সেই বিষয়ে। এদিকে সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও মাঠে না গিয়ে হাসপাতালে পরীক্ষা করাতে যান নেইমার। এতে তাঁর চোট নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। জল্পনা চলছে যে নকআউট পর্বে যাতে নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যায় সেই চেষ্টাই করছেন দলের মেডিক্যাল টিমের সদস্যরা। এখন দেখার গ্রুপ পর্বে ঘুরে দাঁড়াতে পারে কিনা ব্রাজিল আর কবে দলে ফেরেন নেইমার (Neymar)।


