Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইটভাটা লুট, মারধর, প্রাণনাশের হুমকি ও (Anubrata Mondal) ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা আদালতে ধাক্কা খেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গ্ৰেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
জেলা জজ আদালতে আগাম জামিনের আর্জি খারিজ (Anubrata Mondal)
৩০ লক্ষ টাকার ইট লুট এবং ভাঙচুরের অভিযোগে (Anubrata Mondal) বীরভূমের শান্তিনিকেতন থানায় এফআইআর দায়ের হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। তবে সেই আবেদন গ্রহণ করেনি আদালত। জেলা জজ আদালত তাঁর আগাম জামিনের আর্জি সরাসরি খারিজ করে দেয়। গ্ৰেফতারির আশঙ্কা করে তাই আগাম জামিন এবং রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত।
মূল অভিযোগকারী বোলপুরের ত্রিসুলাপট্টির (Anubrata Mondal) বাসিন্দা ও ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডল দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের সরকার গঠন করার পরই বিজেপি সমর্থক হওয়ায় তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। অভিযোগ, খোদ অনুব্রত মণ্ডলের নির্দেশে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় ২০০ জন সশস্ত্র দুষ্কৃতী শুভেন্দু মণ্ডলের ইটভাটায় চড়াও হয়ে ব্যাপক তাণ্ডব ও ভাঙচুর চালায়। ইটভাটায় কর্মরত কর্মচারীদের মারধর করার পাশাপাশি প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সেইসঙ্গে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করে নিয়ে যায়। শুভেন্দু মণ্ডলের অভিযোগ, সেই সময় পুলিশ প্রশাসন তৃণমূল নিয়ন্ত্রিত হওয়ায় বারবার অভিযোগ করেও কোনও ন্যায়-বিচার পাননি তিনি।
সেই মামলায় জেলা আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় গ্ৰেফতারির আশঙ্কা করছেন অনুব্রত মণ্ডল। সেই কারণে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি বিবেচনাধীন রয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, মামলাটি ক্রমতালিকায় ৯৫৭ নম্বরে রয়েছে। তাই চলতি সপ্তাহেই অনুব্রতর আবেদনের মামলাটির শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। ততদিন পর্যন্ত গ্ৰেফতারির আশঙ্কা থেকেই যাচ্ছে কেষ্ট মণ্ডলের।


