Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ। মেঘের গুরুগুরু ডাক আর ঝমঝমিয়ে বৃষ্টি (Rain) তিলোত্তমা থেকে শুরু করে জেলায় জেলায়। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই চলবে বৃষ্টির দাপট। তবে উত্তর আর দক্ষিণের আবহাওয়ার মেজাজে থাকছে বিস্তর ফারাক। উত্তরবঙ্গের পাহাড়ে অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যয় ও ধসের লাল সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও পিছু ছাড়ছে না ঘাম আর ভ্যাপসা গরমের অস্বস্তি।
পাহাড়ে চরম দুর্যোগ, পর্যটকদের লাল সতর্কতা (North Bengal Weather)
উত্তরবঙ্গের পাঁচ পাহাড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অতি সতর্কর্তা (লাল ও হলুদ অ্যালার্ট) জারি। হাওয়া অফিসের কর্তারা জানাচ্ছেন, টানা বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় যেকোনও মুহূর্তে নামতে পারে ধস। শুধু তাই নয়, লাগাতার বর্ষণে ডুয়ার্স ও পাহাড়ের নদীগুলির জলস্তর ফুঁসে উঠে বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) সাথে দমকা হাওয়া
দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং দুই বর্ধমানে দিনভর বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি (Rain) চলবে। হাওয়া দফতরের সকালের বুলেটিন অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির কিছু কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে ধেয়ে আসতে পারে তীব্র বজ্রবিদ্যুৎ। আবহবিদদের সবথেকে বড় উদ্বেগ বজ্রপাত নিয়ে। তাই বৃষ্টির সময় সাধারণ মানুষকে খোলা মাঠে বা গাছের তলায় না থেকে অবিলম্বে পাকা বাড়ির ভেতরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সকালের দিকে আংশিক রোদ দেখা গেলেও, বিকেল বা সন্ধ্যার দিকে মহানগরের বুকে এক বা দু’পশলা হালকা থেকে মাঝারি ধরনের ঝমঝমিয়ে বৃষ্টি (Rain) বা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও স্বস্তি মিলবে কি? উত্তর না। কারণ, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশে পৌঁছাতে পারে। ফলে বৃষ্টি নামার আগে পর্যন্ত শহরবাসীকে চরম ভ্যাপসা গরম ও ঘামবসা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন:Rathayatra 2026: সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট, জগন্নাথের আরতি করে রথযাত্রার সূচনা শুভেন্দুর
কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরে ১.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ, বর্ষা এলেও আর্দ্রতার জাঁতাকল থেকে পুরোপুরি মুক্তি মিলছে না কলকাতার।


