Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে ডুরান্ড কাপ আরেকদিকে কলকাতা লিগ। এরমধ্যেই একই দিনে মাঠে নেমেছিল দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan)। সোমবার ডুরান্ডের সাফল্যের পর লিগের ম্যাচেও জয় তুলে নিয়েছে দুই দলই। তবে লাল-হলুদ ব্রিগেড প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে বড় ব্যবধানে জয় পেলেও, মোহনবাগানকে বেশ কষ্টার্জিত জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সায়ন বন্দ্যোপাধ্যায়দের ১-০ গোলে জিততে হয়েছে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে। ফিনিশিংয়ের অভাবে ভুগলেও জয় মোহনবাগানের। উত্তপ্ত ম্যাচ।
প্রথমার্ধের খেলা (Mohun Bagan)
তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান। নারায়ণ দাস, জবি জাস্টিন, বিদ্যাসাগর সিংদের মতো অভিজ্ঞ প্লেয়ারে সমৃদ্ধ এই প্রতিপক্ষের বিরুদ্ধে পুরো ম্যাচ জুড়েই ফিনিশিংয়ের অভাবে ভুগেছে সবুজ-মেরুন শিবির। শুরুর দিকে সুহেল আহমেদ ভাটের ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও, প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেন সায়ন বন্দ্যোপাধ্যায়। বাঁ দিক থেকে তাঁর গতি ও উইং প্লে বরাবরই দলের সম্পদ। ৪৩ মিনিটে সায়নের বাড়ানো পাস থেকেই ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন সুহেল।
দ্বিতীয়ার্ধের খেলা (Mohun Bagan)
দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে মোহনবাগান। উল্টে ইউনাইটেড কলকাতা সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল। কিন্তু ৮০ মিনিটে পেনাল্টি মিস করেন একসময়ে ইস্টবেঙ্গলে খেলা বিদ্যাসাগর সিং। ম্যাচের শেষের দিকে উত্তাপ ছড়ায় মাঠে। ৮৭ মিনিটে সায়নকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন অমিত টুডু। পরবর্তী সময়ে উত্তেজনাকর পরিস্থিতিতে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন জবি জাস্টিনও। এছাড়া মোহনবাগানের গোল বাতিল এবং সহকারী রেফারিকে কার্ড দেখানোর মতো বিতর্কিত ঘটনাও ঘটে। সব মিলিয়ে ম্যাচের রেফারিং নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন মোহনবাগান কোচ বাস্তব রায়।

মোহনবাগান তাবুতে ক্রীড়ামন্ত্রী (Mohun Bagan)
আগামীকাল মোহনবাগান দিবস। তার ঠিক আগের দিন প্রথমবার ক্লাব তাঁবুতে পা রাখলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। মোহনবাগান মাঠে উপস্থিত থেকে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তিনি। ক্লাব সচিব সৃঞ্জয় বোস তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। অমর একাদশের মূর্তিতে মাল্যদান ছাড়াও ক্লাবের ট্রফি ক্যাবিনেট ঘুরে দেখেন ক্রীড়ামন্ত্রী।
ক্লাব তাঁবুতে এসে ক্রীড়ামন্ত্রী বলেন, “মোহনবাগান আমাদের ভারতবাসীর কাছে গৌরবের ক্লাব। পেশাদারিভাবে বাংলার ফুটবলারদের বিশ্বদরবারে নিয়ে এসেছে এই ক্লাব। কাল মোহনবাগান দিবস। সমর্থকদের সুবিধার্থে কিছু বিষয় নিয়ে কথা হয়েছে।”
আরও পড়ুন: East Bengal: শহরে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি, টানা চার জয় লাল হলুদের
দেবাশিস দত্তের বক্তব্য (Mohun Bagan)
এদিন ক্লাবের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানান সভাপতি দেবাশিস দত্ত। পেপারলেস টিকিট চালু করা এবং যুবভারতীতে পানীয় জলের ব্যবস্থা করার জন্য তাঁর ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি, যুবভারতীতে ম্যাচ চলাকালীন সমর্থকদের হেলমেট ও ছাতা সুরক্ষিতভাবে রাখার সুব্যবস্থা করার আবেদনও জানানো হয়। সচিব সৃঞ্জয় বোস বলেন, “ক্রীড়ামন্ত্রী আমাদের সঙ্গেই আছেন। ওঁর থেকে সবরকম সহযোগিতা আমরা পাচ্ছি। কম সময়ে এত ভালো ব্যবস্থা করার জন্য আমরা কৃতজ্ঞ।”



