Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের মাঠে মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে চলছে কাটাছেঁড়া (Mohun Bagan)। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জয়ের পরেও দলের খেলা নিয়ে সন্তুষ্ট নন সমর্থকদের একাংশ। তার মধ্যেই বুধবার সবুজ-মেরুন তাঁবুতে পালিত হল শিল্ড জয়ের উৎসব। ক্লাবের পতাকা উত্তোলন করে সাফল্য উদযাপন করলেন কোচ প্যানাগিওটিস দিলমপেরিস এবং অধিনায়ক শুভাশিস বসু। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু এবং ফুটবলার সুহেল ভাট। তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও দেখা যায়নি জেমি ম্যাকলারেনকে। মাঠের পারফরম্যান্স নিয়ে চাপের আবহে এই অনুষ্ঠান থেকেই দলকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন কোচ ও অধিনায়ক।
পতাকা উত্তোলন, মিষ্টিমুখে সেলিব্রেশন (Mohun Bagan)
বুধবার দুপুরে মোহনবাগান ক্লাবতাঁবুতে পতাকা উত্তোলনের মাধ্যমে শিল্ড জয়ের সাফল্য উদযাপন করা হয়। পতাকা তোলেন কোচ প্যানাগিওটিস দিলমপেরিস এবং অধিনায়ক শুভাশিস বসু। তাঁদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু এবং ফুটবলার সুহেল ভাট। কোচ, অধিনায়ক ও সুহেলের হাতে মিষ্টির হাঁড়ি তুলে দেন ক্লাবের কর্তারা। কলকাতার সংস্কৃতির সঙ্গে যে ক্রমশ মিশে যাচ্ছেন গ্রিক কোচ, অনুষ্ঠানে তাঁর আচরণেও ধরা পড়ল সেই ছবি। হাতজোড় করে সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন প্যানোস।
প্যানোসের লক্ষ্য আইএসএল (Mohun Bagan)
দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও আশাবাদী প্যানাগিওটিস দিলমপেরিস। অনুষ্ঠানে তিনি বলেন, “অনুষ্ঠানের অঙ্গ হতে পারার জন্য ধন্যবাদ। কলকাতার আকাশে আরও একটা পতাকা। এতে সামিল হতে পেরে খুশি। আমাদের লক্ষ্য আইএসএল। আশা করছি, ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স উপহার দিতে পারব।”
পাশে থাকার বার্তা কর্তাদের (Mohun Bagan)
কোচের পাশে থাকার বার্তা দিয়েছেন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্তও। তিনি বলেন, “সদস্য, সমর্থকরা দলের সঙ্গে আছে। এগিয়ে চলো। তোমাদের থেকে প্রত্যাশা অনেক। কখনও দল ভাল খেলে, কখনও খারাপ। আইএসএল লম্বা লিগ। আমরা সবাই তোমার সঙ্গে আছি।”
একই সুর ক্লাব সচিব সৃঞ্জয় বসুর গলাতেও। তাঁর কথায়, “এটা লম্বা যাত্রা। চড়াই-উতরাই আসবেই। কিন্তু আমার বিশ্বাস, আইএসএল আমাদের হবে। নিজেদের উপর বিশ্বাস রাখো।” অর্থাৎ, দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও আপাতত কোচের উপর আস্থা রাখছে ক্লাব ম্যানেজমেন্ট।
শুভাশিসের লক্ষ্য আরও ট্রফি (Mohun Bagan)
চেন্নাইয়িন ম্যাচের পারফরম্যান্স ভুলে নতুন করে ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। তাঁর মতে, ঐতিহ্যশালী এই ক্লাবের কাছে ট্রফির সংখ্যা কখনও যথেষ্ট হতে পারে না। শুভাশিস বলেন, “এ বছর আমরা দুটো ট্রফি জিতেছি। কিন্তু এত বড় ক্লাব, ক্লাবের ঐতিহ্য আছে, সমর্থকদের প্রত্যাশা আছে। তাই ক্লাবে যতগুলো ট্রফি আসবে, সেটাই কম। আমরা যে ক’টা টুর্নামেন্ট খেলি, ট্রফি জেতার জন্য খেলি।”
এরপরই আগামী দিনের লক্ষ্য স্পষ্ট করে দেন বাগান অধিনায়ক। তাঁর কথায়, “এ বছর আমরা দুটো জিতেছি। আমাদের লক্ষ্য থাকবে ডাবল করা। লিগ শিল্ড এবং ট্রফি জেতার চেষ্টা করব। সেটার জন্য দলকে আরও বেশি সংঘবদ্ধ ফুটবল খেলতে হবে। আরও ভাল পারফর্ম করতে হবে। আমরা পরের ম্যাচে আরও ভাল খেলার চেষ্টা করব। আমরা ম্যাচ প্রতি এগোতে চাই।”
তিন পয়েন্টই গুরুত্বপূর্ণ (Mohun Bagan)
চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও তিন পয়েন্ট পাওয়াটাকেই আপাতত বড় করে দেখছেন শুভাশিস। তাঁর মতে, দীর্ঘ লিগে প্রতিটি পয়েন্টের গুরুত্ব রয়েছে। অধিনায়ক বলেন, “আমার মনে হয়, আমরা আরও ভাল পারফরম্যান্স করতে পারব। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। লম্বা লিগ। প্রত্যেক পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা আগের ম্যাচে ভাল ফুটবল খেলতে পারিনি, কিন্তু তিন পয়েন্ট আনতে পেরেছি। তাতে আমি খুশি।”
উন্নতির জায়গা রয়েছে (Mohun Bagan)
দলের পারফরম্যান্স আরও ভাল হওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। শুভাশিসের মতে, যত বেশি ম্যাচ খেলবেন ফুটবলাররা, ততই তাঁদের মধ্যে বোঝাপড়া বাড়বে। তাঁর কথায়, “দল সবসময় চেষ্টা করছে নিজেদের সেরাটা দেওয়ার। আমরা যত বেশি ম্যাচ খেলব, একে অপরের সঙ্গে রসায়ন ভাল হবে। আরও ভাল ফুটবল খেলতে পারব। পারফরম্যান্সও ভাল হবে।”
আরও পড়ুন: U15 World Cup: লড়েও শেষরক্ষা হল না, হন্ডুরাসের কাছে হার বিবিয়ানোর ভারতের!
শিল্ডের সঙ্গে লিগের ট্রফিও (Mohun Bagan)
এদিনের অনুষ্ঠানে শিল্ডের পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছিল কলকাতা লিগের ট্রফিও (Mohun Bagan)। উপস্থিত ছিলেন ক্লাবের কর্তা ও সমর্থকরা। একদিকে ট্রফি জয়ের আনন্দ, অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন—দুইয়ের মাঝেই নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল মোহনবাগান শিবির। ক্লাব কর্তারা কোচের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, অধিনায়কও জানিয়েছেন আরও ভাল ফুটবল খেলার প্রতিশ্রুতি। এবার সেই আশ্বাস মাঠে কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই নজর সবুজ-মেরুন সমর্থকদের।



