Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা জিতু কমলের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Jeetu Kamal)। কখনও তাঁর বন্ধু, কখনও বা ম্যানেজার কিংবা প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন অভিনেতা। শুধু টাকা বা উপহার চাওয়াই নয়, তাঁর নাম করে একাধিক ব্যক্তিকে অশালীন প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে বুধবার সকালে সোশাল মিডিয়ায় একটি সতর্কবার্তা দিয়ে অনুরাগীদের সাবধান করেছেন জিতু।
কীভাবে চলছে প্রতারণার চেষ্টা? (Jeetu Kamal)
জিতুর বক্তব্য অনুযায়ী, প্রতারকরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করছে। নিজেদের জিতু কমলের প্রতিনিধি, বন্ধু কিংবা ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে তাঁর নাম করে টাকা, উপহার বা কোনও মূল্যবান সামগ্রী দাবি করা হচ্ছে। পাশাপাশি, তাঁর নাম ব্যবহার করে অশালীন প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। ফলে বিষয়টি শুধুমাত্র আর্থিক প্রতারণার মধ্যে সীমাবদ্ধ নেই, অভিনেতার ব্যক্তিগত ভাবমূর্তিকেও এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই কি কেউ প্রতারিত? (Jeetu Kamal)
জিতু কমল তাঁর পোস্টে জানিয়েছেন, এমন প্রতারণার শিকার হয়ে থাকলে সরাসরি তাঁকে জানাতে। তাঁর দাবি, কিছুদিন আগে কলকাতার এক সুপরিচিত শিল্পী এবং এক বিশিষ্ট অভিনেত্রীর পরিবারের কাছ থেকে একই কায়দায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। যদিও সেই ঘটনায় কারা জড়িত, তাঁদের পরিচয় বা কীভাবে টাকা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।
অনুরাগীদের সতর্কবার্তা অভিনেতার (Jeetu Kamal)
সোশাল মিডিয়ার পোস্টে জিতু স্পষ্ট করে দিয়েছেন, তাঁর নামে কোনও টাকা, উপহার কিংবা মূল্যবান সামগ্রী চাওয়া হলে যেন কেউ তাতে সাড়া না দেন। অচেনা নম্বর বা অ্যাকাউন্ট থেকে আসা এমন বার্তায় বিশ্বাস না করে আগে বিষয়টি যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে তাঁর পরিচিতির সুযোগ নিয়ে কেউ যোগাযোগ করলে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: Prakash Raj SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ: কড়া প্রতিক্রিয়া অভিনেতা প্রকাশ রাজের
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
ঘটনাটিকে হালকা ভাবে দেখছেন না জিতু কমল। প্রতারণার অভিযোগের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে এই প্রতারণার নেপথ্যে নির্দিষ্ট কোনও ব্যক্তি বা চক্রের বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে কি না, তা এখনও প্রকাশ্যে জানাননি। ইতিমধ্যেই তাঁর সতর্কবার্তার পোস্টে বহু মানুষ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেতার আগাম সতর্কতা ভবিষ্যতে আরও মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করবে বলেই মনে করছেন অনুরাগীরা।



