Last Updated on [modified_date_only] by Sumana Bera
গোপাল শীল, দঃ ২৪ পরগনা: জল-জঙ্গলে ঘেরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে এবার জাতীয় স্তরে জয়জয়কার। ‘বিকশিত ভারত’ প্রবন্ধ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় (Red Fort) আমন্ত্রণ পেয়েছে নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা (Selima Molla)। কিন্তু এই বিশাল সাফল্যের মাঝেও দুশ্চিন্তা। সেলিমার লালকেল্লায় যাওয়ার পথে বড় বাধা আর্থিক অনটন।
ইংরেজিতে প্রবন্ধ লিখে বাজিমাত
জীবন-জীবিকার কঠিন সংগ্রামের আবহেই গড়ে ওঠে ওদের স্বপ্ন। নদীর নোনা জল আর চরম দারিদ্র্যকে সঙ্গী করেই এগিয়ে চলা। আর সেই প্রতিকূলতাকে জয় করেই জাতীয় মঞ্চে নিজের নাম খোদাই করে নিল সুন্দরবনের (Sundarban) মেয়ে সেলিমা মোল্লা। বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত উচ্চমাধ্যমিক হাইস্কুলের নবম শ্রেণির এই ছাত্রী ‘বিকশিত ভারত’ বিষয়ে ইংরেজিতে ৫০০ শব্দের প্রবন্ধ লিখে বাজিমাত করেছে। দেশজুড়ে লক্ষ লক্ষ প্রতিযোগীর মধ্যে তার লেখা নজর কেড়েছে বিচারকদের। স্বীকৃতি হিসেবে মিলছে স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় (Red Fort) থাকার বিরল সম্মান!
লালকেল্লায় পৌঁছানোর খরচ জোগাবে কে? (Red Fort)
প্রতিদিন বাড়ি থেকে আধ ঘণ্টা সাইকেল চালিয়ে স্কুলে পৌঁছায় সেলিমা। বাবা সেলিম মোল্লা দিনমজুর, মা গৃহবধূ। চার ভাই-বোনের মধ্যে সে-ই বড়। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে পড়াশোনা চালানোই যেখানে অসাধ্য, সেখানে দিল্লির (Delhi) লালকেল্লায় পৌঁছানোর খরচ জোগাবে কে? জাতীয় স্তরের আমন্ত্রণের চিঠি হাতে পেলেও, আনন্দের বদলে তাই এখন পুরো পরিবারজুড়ে শুধুই দুশ্চিন্তার মেঘ।

আরও পড়ুন: Annapurna Portal: অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্নে বড় ঘোষণা: যাবতীয় অভিযোগের সমাধান এবার পোর্টালেই
সেলিমার এই অভূতপূর্ব সাফল্যে গর্বিত গোটা বাসন্তী। স্কুলের শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী, সবার মুখেই এখন সেলিমার প্রশংসা। তবে আনন্দের সাথে সাথেই সকলের মনে একটাই আকুতি, কোনোভাবে যেন আটকে না যায় এই মেধাবী ছাত্রীর স্বপ্নের উড়ান।
মেধা আছে, আছে দেশের রাজধানী ছুঁয়ে আসার আমন্ত্রণপত্রও। অভাব শুধু সামান্য আর্থিক সহায়তার। সুন্দরবনের এই মেয়ের স্বপ্নের উড়ান কি শেষ পর্যন্ত লালকেল্লা (Red Fort) ছুঁতে পারবে? নাকি অর্থের কাছে হার মানবে বাসন্তীর সেলিমা? উত্তর খুঁজছে পুরো সুন্দরবন (Sundarban)।


