Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা হাইকোর্ট অনুমতি না দেওয়ায় এবার চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার আবেদন জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২০ জুলাই অভিষেকের বিদেশযাত্রার আবেদন খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন না করে এবার সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করলেন অভিষেক। আগামী ৩ আগস্ট সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদনের মামলার শুনানি হতে পারে।
চোখের সমস্যা অভিষেকের (Abhishek Banerjee)
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ওই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে। তখন থেকেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচার হয়ও তাঁর। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, ইউএসএ-তে গিয়েও চিকিৎসা করান তিনি।
আরও পড়ুন: Kolkata Weather: দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-জলের পূর্বাভাস, কলকাতায় কি অবস্থা
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন তিনি। আদালত শর্তসাপেক্ষে তাঁকে রক্ষাকবচ দেয়। ডিজে মামলায় হাইকোর্টের নির্দেশে সিআইডি দফতর ভবানীভবনে হাজিরাও দিতে হয় তাঁকে। হাইকোর্টের নির্দেশে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতেও যেতে হয় তাঁকে।
অভিষেকের আর্জি খারিজ হাইকোর্টে (Abhishek Banerjee)
এরই মাঝে চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন অভিষেক। কয়েকটি শুনানির পর বিচারপতি সৌগত ভট্টাচার্য্য গত ২০ জুলাই অভিষেককে চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার অনুমতি দেননি। তবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেন বিচারপতি। অভিষেকের আইনজীবী বিদেশে যাওয়ার অনুমতি চাইলে, বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তখন বিদেশে গিয়েই চিকিৎসা করাতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তখনই তিনি বলেন, কলকাতাতেই তো একাধিক উন্নতমানের হাসপাতাল রয়েছে। তাহলে চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে হবে কেন? এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি।
আরও পড়ুন: Sayani Ghosh: সংসদের মাঝেই রোম্যান্টিক রিল সায়নীর
বিচারপতির এই মন্তব্যের বিরোধিতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আদালত কখনোই চায় না, আবেদনকারীর চিকিৎসায় কোনও কোনও সমস্যা হোক। বিচারপতি প্রাথমিক পরামর্শে বলেন, এসএসকেএম হাসপাতালে চোখের প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে, বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে কি না। তখন আদালত অনুমতি দেবে। আদালতের এই নির্দেশের ফলে আগামী দু’মাস বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক (Abhishek Banerjee)
এদিকে আগামী ২৯ জুলাই অভিষেকের চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার কথা। কিন্তু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই অনুমতি মঞ্জুর না করায় ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। শীর্ষ আদালতে অভিষেক তাঁর আবেদনে জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরও তাঁকে চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। তাই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ৩ আগস্ট সুপ্রিম কোর্টে তাঁর আবেদনের মামলার শুনানি হবে। এখন দেখার সুপ্রিম কোর্ট ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে বিদেশে চোখের চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দেয় কি না।



