Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: খাওয়াদাওয়ার জগতে আজব ভাবনার (AI Chef) অভাব নেই। তবে সুকুমার রায়ের কল্পনার রাজ্যকেও যেন এক কাঠি ছাপিয়ে গেল দুবাইয়ের এক অভিনব রেস্তরাঁ। সেখানে গিয়ে নাকি সত্যিই অর্ডার করা যায়-‘ডাইনোসর মাংস’! শুনেই চোখ কপালে ওঠার জোগাড়। প্রাগৈতিহাসিক যুগের সেই বিশাল সরীসৃপকে চেখে দেখার সুযোগ-এ কি আদৌ সম্ভব? বাস্তবে বিষয়টা যতটা নাটকীয় শোনায়, ততটা ভয়ঙ্কর অবশ্য নয়, তবে বিস্ময়ের ঘাটতি নেই একদমই।
দুবাইয়ের রেস্তরাঁ (AI Chef)
দুবাইয়ের এই রেস্তরাঁটির নাম ‘উহু’ (AI Chef)। এর মূল আকর্ষণই হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর রান্নার ধারণা। এখানে মানুষের বদলে প্রধান রাঁধুনির ভূমিকায় রয়েছে একটি এআই সিস্টেম-আইমান। যদিও সে নিজে হাতে খুন্তি নেড়ে রান্না করে না, তবে কোন পদ থাকবে, কী নাম হবে, স্বাদ ও অভিজ্ঞতা কেমন হওয়া উচিত-সব কিছুর নেপথ্য পরিকল্পনাকারী সে-ই। তারই ভাবনায় জন্ম নিয়েছে সবচেয়ে চমকপ্রদ পদ-‘ডাইনোসর টারটারে’।

ডাইনোসরের মাংস! (AI Chef)
নাম শুনে মনে হলেও, প্লেটে আসলে কোনও ডাইনোসরের মাংস (AI Chef) পরিবেশন করা হয় না। বিলুপ্ত প্রাণীর স্বাদ কেমন হতে পারত, সেই ধারণা থেকেই নাকি এই পদ তৈরি। রেস্তরাঁ কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়নি, ঠিক কোন প্রাণীর মাংস ব্যবহার করা হয়েছে। তবে যাঁরা এই পদ চেখে দেখেছেন, তাঁদের মতে স্বাদ অনেকটাই পাতিহাঁসের মতো। কাঁচা মাংসের স্বাদ পাওয়া যায় এতে, আর পরিবেশনের ধরনও বেশ নাটকীয়। এমনকি প্লেটটি এমনভাবে সাজানো যে মনে হয় সেটি যেন হালকা কাঁপছে-ঠিক নিশ্বাস নেওয়ার মতো! পুরো অভিজ্ঞতাটাই দর্শনীয়।

আরও পড়ুন: Abhishek Banerjee: ফের বাংলার পরিযায়ী শ্রমিক মৃত্যু, হেমন্ত সোরেনকে ফোন অভিষেকের…
দাম কত?
এই অভিনব পদের দামও কম নয়। ‘ডাইনোসর টারটারে’ খেতে হলে গুনতে হবে প্রায় ৪৪ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় সাড়ে পাঁচ হাজার টাকার কাছাকাছি। অর্থাৎ কৌতূহল মেটাতে হলে পকেটের জোরও দরকার। এখানেই শেষ নয়। রেস্তরাঁয় রয়েছে আরও কিছু আজব খাবার। যেমন ‘সিউইড বাটার’। সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি এই মাখন পরিবেশন করা হয় জাপানি মাটির পাত্রে রান্না করা ওয়াগিউ গরুর মাংসের সঙ্গে। এই পদটির দামও প্রায় ৪১ পাউন্ড। স্বাদবর্ধক হিসেবে একে নাকি একেবারে আলাদা মাত্রায় নিয়ে যায় খাবারটিকে। এছাড়াও পাওয়া যায় ২৮ দিন বয়সি মুরগির মাংসসহ নানা বিচিত্র পদ।


