Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্টার কাশীর বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের (Antonio Lopez Habas)। নিজের পুরোনো ক্লাবকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে একপ্রকার ‘বদলা’ নিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। পুরোনো ক্লাবকে ঘিরে একাধিক সুন্দর স্মৃতি থাকলেও, সেখানে তাঁর তিক্ত অভিজ্ঞতাও কম নয়। জানা গেছে, কোনো পারিশ্রমিক ছাড়াই সেখানে প্রায় এক বছর কাজ করতে হয়েছিল তাঁকে। দলের এই দুর্দান্ত জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে কাশী ক্লাব ম্যানেজমেন্টের বিরুদ্ধে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন হাবাস।
বকেয়া বেতন নিয়ে ক্ষোভ (Antonio Lopez Habas)
ইন্টার কাশীর ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্প্যানিশ কোচ বলেন, “ইন্টার কাশীতে আমার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে খুব ভালো স্মৃতি রয়েছে। কিন্তু আমি ক্লাব ম্যানেজমেন্টের ওপর চরম ক্ষুব্ধ।” তিনি আরও যোগ করেন, গত মরশুমের চুক্তি অনুযায়ী এখনও বহু খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রাপ্য অর্থ মেটায়নি কর্তৃপক্ষ, অথচ তারা ২২ জন নতুন খেলোয়াড় সই করানোর অনুমতি পেয়েছে। প্লেয়ারদের প্রতি সম্মান জানিয়েও হাবাস স্পষ্ট জানান, বেতন বকেয়া থাকা সত্ত্বেও খেলোয়াড়দের মাঠে নামা মেনে নেওয়া যায় না। তিনি আক্ষেপের সুরে জানান যে, তারা পুরো একটি মরশুম বিনা পারিশ্রমিকে কাশীর হয়ে কাজ করে গিয়েছেন।
নজরে এবার এসিএল ২ (Antonio Lopez Habas)
পুরোনো স্মৃতি ও ক্ষোভ সরিয়ে রেখে হাবাসের মূল লক্ষ্য এখন ইস্টবেঙ্গলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া। বর্তমানে আইএসএলে পরপর দু’টি ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল, এবং দলের ফুটবলাররা এপর্যন্ত মোট ৯টি গোল করেছেন। স্ট্রাইকাররা ফর্মের মধ্যে থাকায় স্বস্তিতে কোচ। তবে এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ—এসিএল ২-র ম্যাচ। আগামী ২৭ অক্টোবর ওমানে আল সিবের বিরুদ্ধে মাঠে নামবে লাল-হলুদ। আগামী ম্যাচের প্রস্তুতি নিয়ে হাবাস জানান, পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন কঠোর অনুশীলন চলছে এবং পেশাদার ফুটবলে সাফল্য ধরে রাখতে প্রতিনিয়ত সেরাটা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
আরও পড়ুন: Mumbai Indians: মুম্বইয়ের ডাগআউটে বড় চমক, নতুন ভূমিকায় কাইরন পোলার্ড!
একাদশে পরিবর্তন (Antonio Lopez Habas)
ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন কোচ (Antonio Lopez Habas)। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, দলকে পরপর বিভিন্ন জায়গায় গিয়ে একাধিক ম্যাচ খেলতে হচ্ছে, তাই সব খেলোয়াড়কে সুযোগ দেওয়াটা জরুরি। সব প্লেয়ার দায়িত্ব নিয়ে মাঠে নিজেদের সেরাটা দেওয়ায় তিনি অত্যন্ত খুশি। তাঁর মতে, প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য দলের খেলোয়াড়দের মধ্যে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা যেকোনো দলের জন্যই ইতিবাচক ও ভালো লক্ষণ।



