Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নেভাডা মরুভূমিতে হঠাৎ করে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘিরে ফের আলোচনায় উঠে এসেছে বিশ্বের অন্যতম গোপন সামরিক ঘাঁটি এরিয়া ৫১(Area 51 Quake)। মাত্র ২৪ ঘণ্টায় অন্তত ১৭টি কম্পন ধরা পড়েছে, যার মাত্রা ছিল ২.৫ থেকে ৪.৪-এর মধ্যে। সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৪.৪ মাত্রার এবং এর উৎস ছিল ভূপৃষ্ঠের প্রায় ২.৫ মাইল নিচে।
কম্পনে বিতর্ক (Area 51 Quake)
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, শেষ কম্পনটি ধরা পড়ে বৃহস্পতিবার ভোরে। তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ এই এলাকায় শতাধিক মানুষ কম্পন অনুভব করেছেন। ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় প্রশ্ন উঠেছে এটি কি শুধুই প্রাকৃতিক, নাকি কোনো গোপন সামরিক কার্যকলাপের ফল?
সম্ভাব্য কারণ প্রাকৃতিক
বিশেষজ্ঞদের মতে, নেভাডা অঞ্চলের ভূত্বক ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, ফলে মাঝে মাঝে এ ধরনের ‘সিসমিক সোয়ার্ম ’ বা ভূমিকম্পের ঝাঁক দেখা যায়। ভূ-ভৌতবিদ স্টেফান বার্নস বলেন, ঘটনাটি “অস্বাভাবিক জায়গায়” হলেও সবচেয়ে সম্ভাব্য কারণ প্রাকৃতিক। তবে তিনি এটাও স্বীকার করেন যে তথ্যের মধ্যে কিছু “অস্পষ্টতা” রয়েছে, যা আলোচনার সুযোগ তৈরি করছে।
CIA-র গোপন প্রকল্পের অংশ এরিয়া ৫১
এরিয়া ৫১, যা গ্রুম লেক নামেও পরিচিত, ১৯৫৫ সালে CIA-এর গোপন প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে U-2, SR-71 ব্ল্যাকবার্ড ও F-117-এর মতো উন্নত যুদ্ধবিমান পরীক্ষা করা হয়েছে। আজও এটি সক্রিয় বলে মনে করা হয় এবং অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা চলতে পারে।
বর্তমানে পারমাণবিক পরীক্ষা বন্ধ (Area 51 Quake)
এলাকাটির কাছে অবস্থিত নেভাডা ন্যাশনাল সিকিউরিটি সাইটে অতীতে ৯০০-র বেশি পারমাণবিক পরীক্ষা হয়েছে, যা ষড়যন্ত্র তত্ত্বকে আরও উসকে দেয়। যদিও বর্তমানে পারমাণবিক পরীক্ষা বন্ধ, তবুও যেকোনও অস্বাভাবিক ঘটনায় সন্দেহ তৈরি হয়।
প্রমাণিত যোগসূত্র মেলেনি (Area 51 Quake)
সাম্প্রতিক সময়ে কিছু বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ হওয়া নিয়েও জল্পনা ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনার সঙ্গে এরিয়া ৫১ বা ভূমিকম্পের কোনও প্রমাণিত যোগসূত্র পাওয়া যায়নি।



