Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দুপুরের ব্যস্ত সময়ে আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল বাগুইআটির আটঘরা পূর্বপাড়া (Baguiati Fire Accident)। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে এলাকার একের পর এক ঝুপড়ি। স্থানীয় সূত্রে খবর, দুপুর সাড়ে ৩টে নাগাদ আচমকাই আগুন লাগে বস্তি এলাকায়। আগুন লাগার পরপরই পরপর কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

আগুনের গ্রাসে পুড়ে ছাই ২০-২৫টি ঝুপড়ি (Baguiati Fire Accident)
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। স্থানীয়দের অভিযোগ, আটঘরা পূর্বপাড়ার ওই অংশে ঘনবসতিপূর্ণ ঝুপড়ি রয়েছে। পাশাপাশি ঝুপড়িগুলি একে অপরের গা ঘেঁষে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি আগুনে সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পরিবারের ঘরবাড়ি এবং প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে স্থানীয়দের দাবি।
ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন (Baguiati Fire Accident)
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুনের ভয়াবহতা দেখে একাধিক ইঞ্জিন কাজে নামে। ঘিঞ্জি বস্তি হওয়ায় দমকলকর্মীদের আগুনের উৎসের কাছে পৌঁছতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়। তবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। বিস্ফোরণের আশঙ্কায় এলাকাবাসীকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
বিধায়কও পৌঁছলেন ঘটনাস্থলে (Baguiati Fire Accident)
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট নিউটাউনের বিধায়ক পীষূষ কানোরিয়া। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাসও দেওয়া হয়। কীভাবে আগুনের সূত্রপাত হল, সিলিন্ডার বিস্ফোরণের কারণই বা কী—তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Manipur Crisis: ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে কুকি-জো যুবকের মৃত্যু! বাড়িতে আগুন, বাড়ছে আতঙ্ক
আগুনের উৎস ঘিরে বাড়ছে প্রশ্ন
প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের কথা সামনে এলেও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ঘনবসতিপূর্ণ ঝুপড়ি এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে।



