Last Updated on [modified_date_only] by Aditi Singha
কেটিভি বাংলা ডিজিটাল : বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় হাইকোর্টে সাময়িক স্বস্তি ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Calcutta High Court)। এই মামলায় সিআইডি তদন্তে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল হাইকোর্ট। শুক্রবার অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আরও এক মাস বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ। গ্রেফতারির মতো এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। তবে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের। আগামী ২৩ জুলাই আবারও এই মামলার শুনানি।
সই জাল মামলায় রক্ষাকবচের আবেদন (Calcutta High Court)
বিধানসভায় বিধায়কদের সই জাল নিয়ে মামলা দায়ের হলে সেই মামলার তদন্ত করতে অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। এবং তাঁকে হাজিরার জন্য নোটিশ দিয়ে আসে। কিন্তু তিনি প্রথমে শারীরিক অসুস্থতা এবং পরে দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। তারপরই সই জাল মামলায় রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ (Calcutta High Court)
বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডি-এর নোটিশকে চ্যালেঞ্জ করে আগাম জামিন এবং রক্ষাকবচের আবেদন জানিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় গত মাসের ১১ জুন বিচারপতি কৌশিক চন্দ আগামী ৩ সপ্তাহ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছিলেন। নির্দেশে আরও বলা হয়, এই সময়কালের মধ্যে তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে প্রয়োজনে তল্লাশি সহ অন্যান্য পদক্ষেপ করতে পারবে। ২৪ ঘন্টা সময় দিয়ে হাজিরা নোটিশ পাঠাতে পারবে তদন্তকারী সংস্থা। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। সেইদিনই দিল্লি থেকে ফিরে ভবানী ভবনে গিয়ে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
আরও পড়ুন : Dumdum Airport: বাঁকড়া মসজিদে নামাজের ডাক, তারপরই কর্মসূচি বাতিল
গত ৩ জুলাই অভিষেকের রক্ষাকবচের আবেদনের মামলাটি ওঠে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আদালতের দেওয়া পূর্বের সমস্ত শর্ত বহাল রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন তিনি। বিচারপতি ঘোষ বলেন, ‘যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি হয়েছে, তিনি বর্তমানে সার্কিট বেঞ্চে আছেন, সেই কারণে এই মামলায় আগামী ১৭ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে।’
আরও পড়ুন : Damayanti Sen Missing: জাতীয় দলে ট্রায়ালের আগে কোথায় হারিয়ে গেল দময়ন্তী সেন
রক্ষাকবচের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি
আদালতের দেওয়া সেই রক্ষাকবচের মেয়াদ এদিনই শেষ হলে শুক্রবার সেই মামলা বিচারপতি কৌশিক চন্দর এজলাসে উঠলে পূর্বের সমস্ত শর্ত বহাল রেখে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করেন বিচারপতি চন্দ। ফলে সই জাল মামলায় আবারও কিছুটা স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।



