Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গ্লাসগোয় এবার বসতে চলেছে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) আসর। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এই টুর্নামেন্ট। এবারও ভারতের লক্ষ্য হবে বেশি সংখ্যক পদক জয়। চার বছর পর এই টুর্নামেন্টের আয়োজক হবে ভারত। ২০৩০ সালে আহমেদাবাদে আয়োজিত হবে কমনওয়েলথ গেমস। তবে এবারের টুর্নামেন্ট বেশ চ্যালেঞ্জিং। ইভেন্টের সংখ্যা কম। তাই কেন্দ্রীয় বরাদ্দে কোনও প্রভাব পড়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
গেমসের পরিবর্তন (Commonwealth Games 2026)
বার্মিংহাম গেমসে যেখানে খেলা হয়েছিল ১৯টি (Commonwealth Games 2026)। সেখানে গ্লাসগোতে কমে মাত্র ১০টি খেলায় এসে দাঁড়িয়েছে। শুটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট ও হকির মতো ইভেন্টগুলো এবার আর নেই। আর এই ইভেন্টগুলোতেই ভারতের পদকের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তা সত্ত্বেও কমনওয়েলথে ৭৪টি দেশের অ্যাথলিটদের সঙ্গে লড়তে ১২৬ সদস্যের শক্তিশালী দল নিয়ে গ্লাসগোয় গিয়েছে ভারত।
ভারতের পদক সম্ভাবনা (Commonwealth Games 2026)
ইভেন্ট কম। তাই পদক সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না ভারতীয় তারকারা। দলের শেফ দ্য মিশন রোহিত রাজপাল আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, ইভেন্ট কমলেও দলে তারকার সংখ্যা অনেক বেশি, ফলে পদক কমবে না। এর আগে বার্মিংহামে ২২টি সোনা-সহ মোট ৬১টি পদক জিতে চতুর্থ স্থানে ছিল ভারত। এবারের দলে প্রধান তারকাদের মধ্যে রয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া, মীরাবাই চানু, লভলিনা বরগোঁহাই, মুরলী শ্রীশঙ্কর, অনিমেষ কুজুর, গুরবিন্দর সিং, তেজস্বীন শঙ্কর, তেজিন্দর পাল সিং তুর এবং পারুল চৌধুরি। এছাড়া পদকের লড়াইয়ে বিশেষ নজর কেড়েছেন বাংলার দুই জিমন্যাস্ট প্রণতি নায়েক ও প্রতিষ্ঠা সামন্ত। ৩২ জনের অ্যাথলেটিক্স দল থেকে আগের তুলনায় অনেক বেশি পদক আসার প্রবল আশা করছে ভারতীয় শিবির।
কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি ও বরাদ্দ (Commonwealth Games 2026)
খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখেনি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এই আসরের জন্য মোট ৫৩ কোটিরও বেশি টাকা খরচ করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে অ্যাথলেটিক্সে। আমেরিকা, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও তুরস্কের আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে দীর্ঘ অনুশীলন সেরেছেন অ্যাথলিটরা। বক্সিংয়ের জন্য বরাদ্দ হয়েছে ১০ কোটি টাকা, যেখান থেকে অন্তত ১০টি পদকের আশা করছে ভারতীয় বক্সিং ফেডারেশন। পাশাপাশি জুডো সহ কয়েকটি ইভেন্টেও একাধিক পদকের সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন: Kolkata Derby: ডার্বির আগে ইস্ট-মোহনে স্বস্তি! ভরসা দুই তারকার ওপর
আহমেদাবাদ গেমসের পরিকল্পনা (Commonwealth Games 2026)
গ্লাসগোর এই অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগাতে চায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ২০৩০ সালে আহমেদাবাদে যে কমোনওয়েলথ গেমস আয়োজন করা হবে তা আরও বড় পরিসরে পরিকল্পনা করা হচ্ছে। অন্তত ২২টি খেলা রাখার পরিকল্পনা রয়েছে, যেখানে শুটিংও ফিরে আসছে এই তালিকায়। ফলে গ্লাসগোর লড়াই ভারতের কাছে যেমন বর্তমানের পদক জয়ের মঞ্চ, তেমনই ভবিষ্যতের প্রস্তুতিও।



