Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কোচবিহারের শীতলকুচি ব্লকের মালবাজার অঞ্চলের অন্তর্গত নতুনবাজার এলাকায় শুক্রবার সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা (Cooch Behar)। রত্নাই নদীর উপর থাকা পুরনো সেতুটি আচমকাই ভেঙে পড়ে একটি ভারী পাথর বোঝাই ডাম্পারের চাপে। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা কার্যত চোখের সামনে বিপর্যয়ের সাক্ষী থাকলেন।

মুহূর্তে ভেঙে পড়ল সেতুর একাংশ (Cooch Behar)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ডাম্পারটি সেতু পার হওয়ার সময় হঠাৎই বিকট শব্দে সেতুর একটি বড় অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। সেতুর উপর ও পাশে থাকা মানুষজন হতচকিত হয়ে পড়েন। ডাম্পারের পিছনে যাঁরা পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন, তাঁরা প্রাণভয়ে ছুটে গিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। অল্পের জন্য রক্ষা পায় একাধিক প্রাণ।
চালকের তৎপরতায় এড়ানো গেল প্রাণহানি (Cooch Behar)
দুর্ঘটনার মুহূর্তে ডাম্পার চালক দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। তাঁর এই তৎপরতার ফলেই কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। যদিও ডাম্পারটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যানটি বর্তমানে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে।
গুরুত্ব পায়নি সংস্কারের দাবি (Cooch Behar)
ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, রত্নাই নদীর উপর থাকা এই সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। একাধিকবার প্রশাসনের কাছে সংস্কার ও নতুন সেতু নির্মাণের দাবি জানানো হলেও বিষয়টি গুরুত্ব পায়নি। অবশেষে সেই অবহেলার ফলেই আজ এই দুর্ঘটনা এমনটাই মত এলাকার মানুষের।

চরম ভোগান্তিতে সাধারণ মানুষ (Cooch Behar)
দুর্ঘটনার পরপরই প্রশাসনের নির্দেশে সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে নতুনবাজার ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি শুরু হয়েছে। স্কুলপড়ুয়া, কর্মজীবী মানুষ থেকে শুরু করে রোগী পরিবহণ সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে।
আরও পড়ুন: Kolkata Book Fair: বাইরে বসে স্রষ্টারা! শিল্পী ছাড়া আদৌ সম্পূর্ণ হয় বইমেলা?
প্রশাসনের তৎপরতা ও স্থানীয়দের দাবি
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলেই মত স্থানীয়দের।



