Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিনোদন জগৎ মানেই আলোর ঝলকানি, খ্যাতি, সাফল্য আর জাঁকজমক (Tui Amar Hero)। কিন্তু এই ঝলমলে পর্দার আড়ালেই লুকিয়ে থাকে এক গভীর অনিশ্চয়তা। দীর্ঘ সময় ধরে টানা কাজ, রাত-দিনের সময়সূচি, কাজ হারানোর ভয়, প্রতিযোগিতা এবং মানসিক চাপ এই সবকিছুর ভার বহন করতে গিয়ে ইন্ডাস্ট্রির বহু মানুষই ধীরে ধীরে মানসিক অবসাদের কবলে পড়েন। প্রবীণ শিল্পীর পাশাপাশি নবীন শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান কেউই এই চাপের বাইরে নন।

নাড়া দিল ইন্ডাস্ট্রিকে (Tui Amar Hero)
সাম্প্রতিক সময়ে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির অবসাদের কারণে আত্মহত্যার ঘটনা গোটা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেয়। এই অনভিপ্রেত ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখনও কতটা অবহেলিত। কাজের জায়গায় হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণার কথা অনেক সময়ই কারও কাছে পৌঁছয় না।
ফেডারেশনের মানবিক উদ্যোগ (Tui Amar Hero)
এই মর্মান্তিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে টালিগঞ্জ ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগে নেওয়া হল এক গুরুত্বপূর্ণ ও মানবিক পদক্ষেপ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও শিল্পী বা কলাকুশলী যদি মানসিক অবসাদ বা উদ্বেগের শিকার হন, তবে তাঁদের জন্য নিখরচায় ডাক্তারি পরিষেবা নিশ্চিত করবে ফেডারেশন।
হাসপাতালের পাশে দাঁড়ানো (Tui Amar Hero)
ফেডারেশনের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে কলকাতার নামী সরকারি হাসপাতাল এস এস কে এম (পি.জি)। আগামী সাত দিনের মধ্যেই পিজি হাসপাতালের পক্ষ থেকে মনোরোগ বিশেষজ্ঞরা ফেডারেশনের অফিসে মাসে তিন দিন করে বসবেন। যেসব শিল্পী ও কলাকুশলী অবসাদ, মানসিক চাপ বা অন্যান্য মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন, তাঁরা সেখানে সরাসরি পরামর্শ নিতে পারবেন।
শুধু পরামর্শেই থেমে থাকছে না এই উদ্যোগ। প্রয়োজনে সংশ্লিষ্ট শিল্পী বা কলাকুশলীদের পিজি হাসপাতালের সাইকায়াট্রি বিভাগে চিকিৎসার ব্যবস্থাও করা হবে। অর্থাৎ, প্রাথমিক কাউন্সেলিং থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা সবকিছুই একটি সুসংগঠিত ব্যবস্থার মাধ্যমে পাওয়া যাবে।
মানসিক স্বাস্থ্যের পাশে ফেডারেশন (Tui Amar Hero)
এই মানসিক স্বাস্থ্য সহায়তা কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মনের বন্ধু’। ফেডারেশনের মানবিক উদ্যোগে এস এস কে এম-এর অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থাকবেন, যাঁরা শুধু চিকিৎসক নন এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির মানুষের পাশে দাঁড়ানো এক একজন ভরসার নাম।

আরও পড়ুন: Kolkata Book Fair: বাইরে বসে স্রষ্টারা! শিল্পী ছাড়া আদৌ সম্পূর্ণ হয় বইমেলা?
সেটেও সচেতনতার বার্তা
ইন্ডাস্ট্রির অন্দরে এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের পরিচালনায় রয়েছেন সৃজিত রায়। মুখ্য ভূমিকায় দেখা যাবে রুবেল দাস ও মোহনা মাইতিকে। এই ধারাবাহিকের সেটেও ফেডারেশনের এই উদ্যোগ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। শিল্পী ও কলাকুশলীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে।



