Last Updated on [modified_date_only] by Aditi Singha
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে গভীর নিম্নচাপ। আবহাওয়ার পরিবর্তন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে (Cyclone Alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শুধু তাই নয়, ক্রমাগত শক্তি বাড়িয়ে আগামী ১৯ নভেম্বর রাতের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে সেটি। এই সম্ভাবনাকে সামনে রেখেই আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কোথায় অবস্থান করছে গভীর নিম্নচাপ? (Cyclone Alert)
১৬ নভেম্বর ভোর সাড়ে ৫টার আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। গত ছয় ঘণ্টায় প্রায় ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। বর্তমানে গভীর নিম্নচাপটির অবস্থান ১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে প্রায় ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরম থেকে ৬৮০ কিলোমিটার পশ্চিমে এবং চেন্নাই থেকে প্রায় ৭২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে এই নিম্নচাপ।
১৬ থেকে ১৯ নভেম্বর, কীভাবে বাড়বে ঘূর্ণিঝড়ের শক্তি? (Cyclone Alert)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সেটি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। অর্থাৎ, আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এরপরও থামবে না শক্তিবৃদ্ধি। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১৯ নভেম্বর রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। ফলে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ও শক্তির পরিবর্তনের দিকে বিশেষ নজর রাখছেন আবহাওয়াবিদরা।
অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায় সতর্কতা, জারি হলুদ বার্তা (Cyclone Alert)
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের জন্য প্রাক্-ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। উপকূলবর্তী এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
বাংলার আবহাওয়ায় কী প্রভাব পড়বে?
এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশ উপকূলমুখী হলেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া এমন শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার প্রভাব নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে বাংলাতেও। তবে পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব পড়বে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি এবং পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করবে আবহাওয়ার পরিবর্তন।



