Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্ধ্র উপকূলে কাকিনাড়া বন্দরের কাছে (Cyclone Mantha) মঙ্গলবার গভীর রাতে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। প্রবল বেগে আছড়ে পড়ার পর রাতভর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি বেগে বইতে থাকা হাওয়ায় গাছপালা উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় একাধিক এলাকা। এর সঙ্গে যুক্ত হয় প্রবল বৃষ্টি। যদিও ভোরের দিকে স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারিয়ে মোন্থা এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
বুধবার সকাল থেকেই বৃষ্টি (Cyclone Mantha)
আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মন্থা আরও দুর্বল (Cyclone Mantha) হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ধীরে ধীরে ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে। ফলে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও, তার অগ্রভাগের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার আকাশও সকাল থেকেই মেঘলা, মাঝে মাঝেই ঝিরঝিরে বৃষ্টি চলছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা (Cyclone Mantha)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা (Cyclone Mantha) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী চার জেলা-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টি (৭–১১ সেন্টিমিটার পর্যন্ত) হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। শুক্রবারও দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর ফলে কিছু জায়গায় জল জমে যাওয়া ও পরিবহন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গেও কমলা সতর্কতা
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রসহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার প্রায় সব উত্তরবঙ্গের জেলাতেই বৃষ্টি বাড়বে, আর শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে-সেই কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সমুদ্র উত্তাল, জারি সতর্কতা
মন্থার প্রভাবে উপকূলবর্তী সমুদ্র এখনো উত্তাল। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। গুজরাত উপকূলে আরব সাগরের ওপর নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, তবে সেটি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা আপাতত কম।
আরও পড়ুন: Horoscope 28 October: কার ভাগ্যে আসছে সাফল্যের ঝলক? চটপট জেনে নিন
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রি। আর্দ্রতা ও বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা নামবে বলে আশা করা যাচ্ছে। সামনের কয়েক দিন রাজ্যজুড়ে বৃষ্টির দাপটই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


