Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে স্বস্তি! বাড়ি ফিরলেন রাইফেল শুটার দময়ন্তী সেন (Damayanti Sen Missing)। গত দু’দিন নিখোঁজ ছিলেন তিনি। খোঁজ চলছিল তাঁর। অবশেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন জাতীয় স্তরের রাইফেল শুটার। ১৫ বছরের এই রাইফেল শুটার ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার পরিবার। যদিও তাঁর পরিবার এই মুহূর্তে দময়ন্তীকে নিয়ে কথা বলতে নারাজ।
ঘটনার সূত্রপাত (Damayanti Sen Missing)
গত বৃহস্পতিবার। ওইদিন সকাল ৯টা নাগাদ হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন দময়ন্তী (Damayanti Sen Missing)। পরনে নাইটড্রেস, সঙ্গে কোনও মোবাইল বা টাকা-পয়সা ছিল না তাঁর। দোকান থেকে ফিরে সকাল ১০টা নাগাদ বাবার সঙ্গে তাঁর অনুশীলনে যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বাবা ধ্রুবজ্যোতি সেন হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন।
পরিবারের দাবি (Damayanti Sen Missing)
বৃহস্পতিবার দময়ন্তীকে হাওড়া ও শ্রীরামপুর স্টেশনে দেখা গিয়েছিল। শুক্রবার সকালে তাঁকে দেখা যায় শ্রীরামপুরের মাহেশে রথের মেলায়। এই তথ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য তৈরি হয়। ধ্রুবজ্যোতিবাবু অভিযোগ করেছিলেন, রেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দিতে দেরি করায় তদন্তে সমস্যা হচ্ছিল, যদিও রেল পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন: Rohit Sharma: রোহিতের ভবিষ্যৎ নিয়ে কী জানাল বোর্ড?
পুলিশি তৎপরতা (Damayanti Sen Missing)
ঘটনার গুরুত্ব বুঝে হাওড়া সিটি পুলিশ দময়ন্তীকে খুঁজতে চারটি বিশেষ দল গঠন করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের থেকে তথ্য নিয়ে বিভিন্ন জায়গায় যান তদন্তকারীরা। অবশেষে শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর লঞ্চ ঘাটের কাছে দময়ন্তীকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁর বাবাকে খবর দেন। খবর পেয়েই ধ্রুবজ্যোতিবাবু ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে নিরাপদে বাড়িতে নিয়ে আসেন।

দময়ন্তীর নিখোঁজের রহস্য (Damayanti Sen Missing)
তবে নিখোঁজ থাকার এই দুই দিনে দময়ন্তী কোথায় ছিলেন, কীভাবে ছিলেন বা ঠিক কী কারণে তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন? সেই বিষয়ে পরিবারের সদস্যরা এখন কোনও মন্তব্য করতে নারাজ। পুলিশের তৎপরতা এবং স্থানীয়দের সতর্কতায় বড় কোনও বিপদ ছাড়াই দময়ন্তী বাড়ি ফেরায় আপাতত স্বস্তি ফিরেছে পরিবারে। দময়ন্তীর নিখোঁজ হওয়ার পেছনে কোনও রহস্য রয়েছে কি না, তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে।



