Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার রাতভর অতি ভারী বৃষ্টির জেরে (Darjeeling Rain) ফের বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স। টানা বর্ষণে তিস্তা, তোর্সা ও জলঢাকার জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভূমিধস ও রাস্তা ভেঙে পড়ায় পাহাড়ি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্তীর্ণ এলাকা জলমগ্ন (Darjeeling Rain)
কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকায় নদীর জল (Darjeeling Rain) উপচে রাস্তায় উঠে আসায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দার্জিলিং-কালিম্পং সড়কে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। নদীর ধারের বাসিন্দাদের মাইকিং করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিস্তা সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
একাধিক অংশে ভূমিধস (Darjeeling Rain)
প্রবল বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ভূমিধস নেমেছে। কালীঝোরা, বারডাং এবং সেবক কালীমন্দির সংলগ্ন এলাকায় ধসের কারণে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বহু পর্যটক রাস্তার দুই প্রান্তে আটকে পড়েছেন। উত্তর সিকিমেও পাহাড় ধসে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Weather Alert: দক্ষিণে মেঘ-বৃষ্টির লুকোচুরি, উত্তরের কী অবস্থা?
খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে গিয়ে রোহিনী এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। অন্যদিকে ভুটান সীমান্ত লাগোয়া এলাকাতেও ভারী বৃষ্টির প্রভাবে ভূমিধস ও জলবৃদ্ধির কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।


