Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনেমার পুজো মানেই বড় বাজেট, বড় তারকা আর দর্শকের উপচে পড়া প্রত্যাশা (Dev-Shubhasree)। সেই চিরাচরিত ধারাকেই ২০২৬ সালে এক ধাক্কায় নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’। পুজো এখনও প্রায় ন’মাস দূরে, অথচ তার আগেই যে উন্মাদনা তৈরি হয়েছে, তা বাংলা বক্সঅফিসের ইতিহাসে কার্যত নজিরবিহীন। অগ্রিম টিকিট বুকিং থেকে শুরু করে এখন ‘গোল্ডেন টিকিট’ সব মিলিয়ে দেব-শুভশ্রীর এই প্রত্যাবর্তন যেন শুধুই একটি ছবি নয়, একেবারে একটি ইভেন্ট।

‘প্রাক্তন’ জুটির রিইউনিয়ন (Dev-Shubhasree)
২০২৫ সালে ‘প্রাক্তন’ ছবির মাধ্যমে দেব ও শুভশ্রীর রিইউনিয়ন দর্শকদের মনে পুরনো স্মৃতির দরজা খুলে দিয়েছিল। এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটি আবার একসঙ্গে এই খবরেই অনুরাগীদের মনে স্বস্তি ফিরেছিল। যদিও এরপর মাঝখানে কিছু মান-অভিমান ও বাদানুবাদের গুঞ্জন শোনা গিয়েছিল, তবু শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা ফের একসঙ্গে পথচলার প্রস্তুতি নেন। আর সেই যাত্রারই সবচেয়ে বড় ফসল ‘দেশু ৭’।
চিত্রনাট্য ছাড়াই হাউসফুল! (Dev-Shubhasree)
‘দেশু ৭’ নিয়ে সবচেয়ে চমকপ্রদ অধ্যায় নিঃসন্দেহে এর অগ্রিম টিকিট বুকিং। যে ছবির নাম ঠিক হওয়া তো দূরের কথা, এমনকী চিত্রনাট্য পর্যন্ত লেখা হয়নি সেই ছবি বুক মাই শো-তে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হাউসফুল হয়ে যাওয়া ভারতীয় বিনোদন জগতে প্রায় বিরল ঘটনা। এই অভাবনীয় সাড়া প্রমাণ করে, এখানে শুধু সিনেমা নয় এখানে বিক্রি হচ্ছে দেব-শুভশ্রীর ব্র্যান্ড ভ্যালু, তাঁদের প্রতি দর্শকের অটুট বিশ্বাস।
অনলাইন বুকিংয়ের যুগে অফলাইন চমক (Dev-Shubhasree)
সাধারণত অনলাইনে টিকিট বুকিং মানেই ডিজিটাল কনফার্মেশন। হাতে টিকিট পাওয়ার রোমাঞ্চ আজকাল প্রায় হারিয়েই গেছে। কিন্তু ‘দেশু ৭’ সেই ধারণাকেও ভেঙে দিল। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য বিশেষ ‘গোল্ডেন টিকিট’ হাতে পাওয়ার সুযোগ এনে দিলেন দেব ও শুভশ্রী। শুধু তাই নয়, সেই টিকিটে থাকছে তাঁদের দু’জনেরই অটোগ্রাফ যা নিঃসন্দেহে ভক্তদের কাছে সংগ্রহযোগ্য স্মারক।
সোশাল মিডিয়ায় ঘোষণায় উন্মাদনার বিস্ফোরণ (Dev-Shubhasree)
দেব ও শুভশ্রী তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে গোল্ডেন টিকিট হাতে পাওয়ার ঘোষণা করতেই অনুরাগীদের উচ্ছ্বাস যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। ক্যাপশনে তাঁরা লেখেন, “আজ থেকে ‘দেশু ৭’-এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের গোল্ডেন টিকিট পাওয়া যাচ্ছে। তোমাদের সকলের সঙ্গে এই বিশেষ দিনে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি।” এই আহ্বান কার্যত ভক্তদের সরাসরি প্রেক্ষাগৃহে টেনে আনছে যা বাংলা সিনেমার বিপণন কৌশলে এক নতুন দৃষ্টান্ত।
বিতর্ক, সেন্সর ও প্রশ্নচিহ্ন (Dev-Shubhasree)
তবে এই উন্মাদনার পাশাপাশি বিতর্কও কম হয়নি। সেন্সর ছাড়াই কীভাবে একটি ছবি বুক মাই শো-তে অগ্রিম বুকিংয়ের জন্য আনা যায় এই প্রশ্ন ঘিরে কয়েকদিন ধরে জলঘোলা হয়েছে। সমালোচকদের একাংশ বিষয়টিকে নিয়মবহির্ভূত বলেও দাবি করেছেন। কিন্তু দেব শুরু থেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি বাংলা ইন্ডাস্ট্রির সম্মান বাড়ানোর দিকেই ভাবছেন।
‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ মাস্টারপ্ল্যান (Dev-Shubhasree)
এই গোটা পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেব নিজেই। আগেই তিনি জানিয়েছিলেন, “আমরা একটা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের ইভেন্টের কথা ভাবছি। সেখানে আমি গান চালাব না সিনেমা দেখাবো তা আপাতত সারপ্রাইজ।” এই বক্তব্যই ইঙ্গিত দেয়, ‘দেশু ৭’ শুধু ছবি নয় এটি হবে এক মাল্টি-লেভেল সেলিব্রেশন, যা বাংলা সিনেমাকে জাতীয় স্তরে নতুনভাবে পরিচিত করবে।

আরও পড়ুন: Kolkata Book Fair: পকেটের টানেও পড়ার টান অটুট, শেষ লগ্নে জমজমাট বইমেলা
পুজোর আগে নয় মাসের স্ট্র্যাটেজি
পুজো এখনও অনেক দূরে। কিন্তু দেব-শুভশ্রী যে আগেভাগেই বড়সড় স্ট্র্যাটেজির ভিত্তি গড়ে ফেলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। ধাপে ধাপে চমক, পরিকল্পিত বিতর্ক, আবেগী সংযোগ সব মিলিয়ে ‘দেশু ৭’ ইতিমধ্যেই পুজোর বক্সঅফিস যুদ্ধের সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠেছে।



