Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে (Digha Rathayatra 2026) অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত রথযাত্রা উৎসব। এই উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ দিনভর আয়োজনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত এবং বিদেশ থেকেও বহু ভক্ত ও পর্যটকের সমাগমের আশা করা হচ্ছে।
কী কী কর্মসূচি? (Digha Rathayatra 2026)
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ (Digha Rathayatra 2026) মিনিটে ঐতিহ্যবাহী পাহাণ্ডি-বিজয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে মন্দির থেকে তিনটি পৃথক রথে আনা হবে। এরপর দুপুর ১টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত রথগুলিকে সুসজ্জিত করা হবে এবং দেবদেবীর উদ্দেশে বিশেষ ভোগ নিবেদন করা হবে।
প্রধান অতিথি কে?
বিকেল ৩ টেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিশির অধিকারী। একই সময়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, যা চলবে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত। উদ্বোধনের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে রথযাত্রা। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টে ৩০ মিনিটে রথগুলি গুণ্ডিচা মন্দিরে পৌঁছাবে। সেখানে বিকেল ৫টা ৩০ মিনিটে আবারও অনুষ্ঠিত হবে পাহাণ্ডি-বিজয়ের বিশেষ পর্ব।

মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানান, রথযাত্রা এমন এক আধ্যাত্মিক উৎসব, যেখানে ভগবান জগন্নাথ নিজেই ভক্তদের কাছে আসেন। ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভেদাভেদ ভুলে সকলকে এই মহোৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, নিরাপদ, সুশৃঙ্খল ও ভক্তিময় পরিবেশে রথযাত্রা সম্পন্ন করতে মন্দির কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।


