Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নতুন গুন্ডাদমন আইন, সীমান্ত উন্নয়ন, কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ, স্বাস্থ্য পরিষেবা এবং ২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। বেশ কয়েকটি বিষয়ে তিনি কড়া ভাষায় বিরোধীদের সমালোচনা করেন এবং সরকারের পদক্ষেপের পক্ষে সওয়াল করেন (Dilip Ghosh)।

‘অসামাজিক শক্তির বিরুদ্ধেও ব্যবস্থা হবে’
সূর্যপুরে অশান্তি এবং গণপিটুনির ঘটনায় উসকানির অভিযোগে সিপিএম নেতা তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বাম প্রার্থী লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর দাবি, এই পরিস্থিতির সুযোগ নিয়ে অসামাজিক শক্তিরাও সক্রিয় হয়েছে এবং যারা এই অশান্তিকে উসকে দিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
১৬ অগাস্টে ‘আয়ুষ্মান দিবস (Dilip Ghosh)
১৯৪৬ সালের ১৬ অগাস্টের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পূর্ববর্তী সরকারের ‘খেলা হবে দিবস’ পালনের প্রসঙ্গ তুলে এ বছর ওই দিনে ‘আয়ুষ্মান দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, রাজনীতিতে সংঘাতের পরিবর্তে ইতিবাচক বার্তা দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, “খেলা দিবস এসব হয় না। পজিটিভ রাস্তায় হাঁটা উচিত।”
গুন্ডাদমন আইন নিয়ে কড়া বার্তা (Dilip Ghosh)
রাজ্যে নতুন গুন্ডাদমন আইন কার্যকর হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি গুন্ডামিকে প্রশ্রয় দিয়েছেন বলেই এই কঠোর আইন আনার প্রয়োজন হয়েছে। তিনি জানান, আইন কঠোরভাবে কার্যকর করা হবে এবং শুধুমাত্র প্রকাশ্যে অপরাধে জড়িতদেরই নয়, বিভিন্ন দপ্তরে লুকিয়ে থেকে যারা অপরাধমূলক কার্যকলাপে যুক্ত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যসভার প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ? (Dilip Ghosh)
বিজেপির রাজ্যসভার প্রার্থী নির্বাচন নিয়ে দলের নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, একটি বৃহৎ রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতেই পারে। প্রত্যেক কর্মীর নিজস্ব মতামত রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সর্বভারতীয় নেতৃত্ব নেয় এবং সেই সিদ্ধান্ত সকলকেই মেনে চলতে হয়। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে প্রার্থী নির্বাচনে পরিবর্তনও দেখা যেতে পারে।
সীমান্তে ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ প্রকল্প নিয়ে বক্তব্য
উত্তর ২৪ পরগনার বাগদা-সহ সীমান্তবর্তী গ্রামগুলিতে ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এটি কেন্দ্রীয় সরকারের পূর্ববর্তী প্রকল্পেরই অংশ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী গ্রামের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি জল জীবন মিশন প্রকল্পের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, নতুন উদ্যোগ সম্পূর্ণ জনকল্যাণের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।
কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণে মসজিদ স্থানান্তর
কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য বাঁকড়া মসজিদ সরানোর প্রক্রিয়া এবং সেখানে নামাজ বন্ধ হওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ও সম্প্রসারণ বৃহত্তর জনস্বার্থের বিষয়। তাঁর মতে, কলকাতা বিমানবন্দরে বর্তমানে প্রচণ্ড চাপ রয়েছে এবং ভবিষ্যতের প্রয়োজন মেটাতে সম্প্রসারণ জরুরি। তিনি বলেন, বিমানবন্দরের অভ্যন্তরে ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাওয়া বাস্তবসম্মত নয় এবং সংশ্লিষ্টরাও বিষয়টি উপলব্ধি করেছেন বলেই তাঁর বিশ্বাস।

সেবাশ্রয় বিতর্কে কড়া সমালোচনা (Dilip Ghosh)
সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ এবং অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে দিলীপ ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানান। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে ভুয়ো আইপিএস, আইএএস দেখার পর এবার ভুয়ো চিকিৎসকদের মাধ্যমেও চিকিৎসা করানো হয়েছে। তিনি দাবি করেন, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা পুলিশের কাছে অভিযোগ করলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২১ জুলাই নিয়ে তৃণমূলকে কটাক্ষ
২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিরোধী দল হিসেবে তাদের বিধানসভায় গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। সরকারের সমালোচনা যেমন প্রয়োজন, তেমনই জনস্বার্থে সহযোগিতাও জরুরি। তাঁর বক্তব্য, মানুষ শুধুমাত্র সংঘাতের রাজনীতি দেখার জন্য ভোট দেয়নি।
‘ডিম-ভাতের রাজনীতি’ বন্ধের মন্তব্য (Dilip Ghosh)
২১ জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গে শেষ প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, এবার একটি বিষয় অন্তত বন্ধ হবে— “ডিম-ভাতের রাজনীতি”। তাঁর দাবি, এবার প্রকৃত অর্থে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
আরও পড়ুন: Cancer Doubles: ২০৫০ সালের মধ্যে বছরে ৩.৫ কোটি ক্যানসার রোগী! সতর্ক করল WHO, প্রতিরোধেই জোর
রাজনৈতিক বার্তায় ভরপুর সাংবাদিক বৈঠক
নিউটাউনের এই সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ একাধিক প্রশাসনিক, রাজনৈতিক এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ শানিয়ে তিনি আইন-শৃঙ্খলা, সীমান্ত উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সরকারের কড়া অবস্থানের বার্তাও দেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে প্রশাসনিক কঠোরতা এবং উন্নয়ন এই দুই বিষয়কেই সামনে রেখে এগোতে চাইছে রাজ্য সরকার।



