Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিপুল দাস, কোচবিহার: তুফানগঞ্জের (BADP) সীমান্তবর্তী বাসিন্দাদের জন্য সুখবর। দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে সীমান্ত এলাকা উন্নয়ন তহবিল (BADP)। আগামী ১ জুন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এই টাকা ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে শুক্রবার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ঘোনাপাড়া বিএসএফ ক্যাম্পে একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা, মহকুমা শাসক, বিএসএফ কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের আশ্বাস (BADP)
বৈঠকে স্থানীয় বাসিন্দারা কাঁটাতার লাগোয়া (BADP) বেহাল রাস্তা, তীব্র নদীভাঙন, পানীয় জলের সমস্যা এবং স্কুলের সীমানা প্রাচীর ও শৌচালয়ের অভাবের মতো বাস্তব সমস্যাগুলি তুলে ধরেন। বিএসএফ-এর পক্ষ থেকেও টহলদারির রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। সব শুনে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে রাস্তা, সেতু, নদীভাঙন রোধে বোল্ডারের বাঁধ, স্বাস্থ্যকেন্দ্র, আইসিডিএস কেন্দ্র এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের কাজগুলিকে তালিকায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মহকুমা শাসকের নির্দেশে পূর্ত, সেচ ও বিদ্যুৎ দপ্তরকে আগামী দু’দিনের মধ্যে এলাকা পরিদর্শন করে প্রকল্পগুলির প্ল্যান ও এস্টিমেট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: Vitamin D Deficiency: খাবারেই মুশকিল আসান, মন ভালো করতে পাতে রাখুন এসব!
এই BADP প্রকল্পের আওতায় সীমান্ত থেকে ১০ কিলোমিটার এলাকার মধ্যে উন্নয়নমূলক কাজ করা হয়ে থাকে। কোচবিহার জেলার ১২টি ব্লকের মধ্যে তুফানগঞ্জ-১ সহ মোট ৮টি ব্লক এই প্রকল্পের আওতাভুক্ত। এর আগে ২০২০-’২১ অর্থবর্ষে এই এলাকায় প্রায় ৯ কোটি ৮৭ লক্ষ টাকা বরাদ্দ হলেও ২০২২ সালের পর থেকে ফান্ড আসা বন্ধ ছিল। বিধায়ক মালতি রাভা জানিয়েছেন, আধিকারিকরা দ্রুত বাজেট প্রস্তুত করে জমা দিলেই কেন্দ্রীয় তহবিল নিয়ে এসে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু করা হবে।


