Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ঢাকে কাঠি পরে গেল ১৩৫তম ডুরান্ড কাপের (Durand Cup)। এবার আরও বড় পরিসরে টুর্নামেন্ট হতে চলেছে। মোট ৪টি রাজ্য ও ৬টি ভেন্যুতে এই টুর্নামেন্টে আয়োজিত হবে। নতুন ভেন্যু হিসেবে এবার যুক্ত হয়েছে রাঁচি। এছাড়া পশ্চিমবঙ্গ ও অসমের পাশাপাশি দার্জিলিংয়েও ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন ডুরান্ড কর্তৃপক্ষ। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ২৪টি দল, যার মধ্যে রয়েছে ৬টি আইএসএল দল।
ডুরান্ডের টিকিট (Durand Cup)
২৫ জুলাই হাইভোল্টেজ ডার্বি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ (Durand Cup)। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় উদ্বোধনের পাশাপাশি টুর্নামেন্টের মোট ১৬টি ম্যাচ এই শহরে খেলা হবে। ডার্বি ম্যাচের জন্য দুই প্রধান ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এবার পেপারলেস টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।
নক আউটের সূচি (Durand Cup)
১৬ ও ১৭ আগস্ট কোয়ার্টার ফাইনাল। ১৯ আগস্ট সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে ফাইনালের দিন জানানো হবে। এবারের ডুরান্ড কাপের প্রাইজমানিতেও বড় আকর্ষণ রয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি টাকা এবং তিনটি এসইউভি গাড়ি। পাশাপাশি, আয়োজক রাজ্যগুলির স্থানীয় সেরা খেলোয়াড়দেরও বিশেষ পুরস্কার দেওয়া হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ, যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে এবং ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। দার্জিলিংয়ে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে জানান যে, সেখানে প্রচুর ফুটবলপ্রেমী ও প্রাক্তন সেনা কর্মী রয়েছেন।

ক্রীড়ামন্ত্রীর বক্তব্য (Durand Cup)
ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ সাধারণ মানুষকে ভারতীয় ফুটবলের সমর্থনে গলা ফাটাতে এবং মাঠে এসে ম্যাচ দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘ডুরান্ড কাপকে আমরা শ্রেষ্ঠত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই টুর্নামেন্ট বাংলা ও দেশের জার্সিতে আগামী প্রজন্মকে বিশ্বমঞ্চে মেলে ধরার মঞ্চ হোক।
আরও পড়ুন: Kolkata Derby: ডার্বির আগে ইস্ট-মোহনে স্বস্তি! ভরসা দুই তারকার ওপর
দর্শকদের জন্য ব্যবস্থা (Durand Cup)
স্টেডিয়ামে আসা দর্শক ও ভিআইপিদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শকদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী নিজে এই জল পরীক্ষা করবেন এবং ভিআইপি ও সাধারণ দর্শকদের জন্য একই মানের পানীয় জল সরবরাহ করা হবে। এছাড়া, দর্শকদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন দফতরের সঙ্গে আলোচনা করে পর্যাপ্ত বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।



